মঙ্গলবার   ২১ জুলাই ২০২৬   শ্রাবণ ৬ ১৪৩৩   ০৫ সফর ১৪৪৮

টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৩১ এএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার

ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান পালটা কুয়েতে হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে। গত এক সপ্তাহে অন্তত তিন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা অব্যাহত রাখার ক্ষেত্রে দেশটির সক্ষমতা হ্রাস করার অভিযানের অংশ হিসেবে তারা ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা সম্পন্ন করেছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সর্বশেষ দফায় মার্কিন বাহিনী ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করেছে।

অন্যদিকে, ইরানও উপসাগরীয় অঞ্চলে পালটা হামলা অব্যাহত রয়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, তারা সাম্প্রতিক ঘণ্টাগুলোতে কুয়েতের ক্যাম্প আরিফজানে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে, ওমান উপকূলে আরও একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

অপরদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আলজাজিরা