বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   আষাঢ় ৩১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৮ এএম, ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

বেকারত্ব বীমা (Unemployment Insurance) কর্মসূচিতে ব্যাপক জালিয়াতি ও অনিয়মের অভিযোগে নিউইয়র্কে একটি বিশেষ ফেডারেল তদন্তকারী দল বা "স্ট্রাইক টিম" মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ (U.S. Department of Labor)। বিভাগের হিসাব অনুযায়ী, এই জালিয়াতির কারণে করদাতাদের প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখ ডলার ক্ষতি হচ্ছে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ের (Office of Inspector General) তদন্তকারীদের নিয়ে গঠিত এই দল প্রতারণামূলক বেকারত্ব ভাতার দাবি শনাক্ত করবে, আত্মসাৎ হওয়া সরকারি অর্থ উদ্ধারে কাজ করবে এবং প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের করবে।

শ্রম বিভাগের ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি ডি'এসপোসিতো বলেন, চুরি হওয়া করদাতাদের অর্থ উদ্ধার এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনাই এই অভিযানের মূল লক্ষ্য। তিনি জানান, ভারপ্রাপ্ত শ্রম সেক্রেটারি  কিথ সন্ডারলিংয়ের নেতৃত্বে বিভাগ জালিয়াতি নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে এবং প্রতিটি চুরি হওয়া ডলার উদ্ধারে কাজ করবে।

শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর নিউইয়র্কে বেকারত্ব বীমা কর্মসূচিতে ৭৫ কোটি ডলারের বেশি অনিয়মিত (Improper) পেমেন্ট এবং ৫০ কোটি ৭০ লাখ ডলারের প্রতারণামূলক (Fraudulent) পেমেন্ট শনাক্ত হয়েছে। অথচ রাজ্যটি এ পর্যন্ত প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থের মাত্র ২৫ শতাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এই স্ট্রাইক টিম গঠনের সিদ্ধান্ত জুন মাসে ঘোষিত শ্রম বিভাগের একটি জাতীয় উদ্যোগের অংশ। ওই উদ্যোগে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য ও অঞ্চলের গভর্নরদের বেকারত্ব বীমা কর্মসূচির তদারকি জোরদার এবং জালিয়াতি, অপচয় ও অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ভারপ্রাপ্ত শ্রম সেক্রেটারি কিথ সন্ডারলিং সতর্ক করে বলেন, করদাতাদের অর্থ সুরক্ষা এবং সরকারি কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনে প্রশাসনিক তহবিল স্থগিত রাখাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, "আমরা আনুষ্ঠানিকভাবে গভর্নরদের সতর্ক করছি। আমেরিকার জনগণ তাদের কষ্টার্জিত করের অর্থের অপচয়, জালিয়াতি ও অপব্যবহার আর মেনে নেবে না। কোনো রাজ্য যদি এসব চলতে দেয়, তাহলে তার পরিণতি ভোগ করতে হবে।"

শ্রম বিভাগের জুন মাসের মূল্যায়নে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়কে বেকারত্ব বীমা কর্মসূচিতে উল্লেখযোগ্য সমস্যাযুক্ত অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত করা হয়। বিভাগের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখ ডলার জালিয়াতি ও অনিয়মের কারণে হারিয়ে যাচ্ছে এবং অনিয়মিত অর্থ পরিশোধের হার দেশের অন্যতম সর্বোচ্চ। ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে বেকারত্ব বীমা কর্মসূচিতে জালিয়াতি, অব্যবস্থাপনা ও অনিয়মের সঙ্গে সম্পর্কিত ২ হাজার কোটি ডলারেরও বেশি ফেডারেল ঋণের অভিযোগ রয়েছে। অন্যদিকে ইলিনয়ে অনিয়মিতভাবে পরিশোধিত বেকারত্ব ভাতার পরিমাণ ৩২ কোটি ২০ লাখ ডলার ছাড়িয়েছে।

এদিকে গভর্নর ক্যাথি হকুলের প্রশাসন জানিয়েছে, নিউইয়র্ক সরকার বেকারত্ব বীমা জালিয়াতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। কোভিড-১৯ মহামারির পর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় প্রতারণামূলক দাবি তদন্তের পাশাপাশি প্রকৃত যোগ্য আবেদনকারীরা যাতে সময়মতো তাদের প্রাপ্য ভাতা পান, সে বিষয়েও কাজ চলছে।