শনিবার   ১১ জুলাই ২০২৬   আষাঢ় ২৬ ১৪৩৩   ২৫ মুহররম ১৪৪৮

সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫১ এএম, ১১ জুলাই ২০২৬ শনিবার


 
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বেড়েছে রেকর্ড পরিমাণ। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরস (এনএআর) জানিয়েছে, গত মে মাসের তুলনায় জুনে বাড়ির বিক্রি ২.৪ শতাংশ কমে বার্ষিক ৪০ লাখ ৯০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। যা অর্থনীতিবিদদের প্রত্যাশিত ৪২ লাখ ১০ হাজার ইউনিটের চেয়ে অনেকটাই কম। তবে গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি ২.৮ শতাংশ বেড়েছে। দামের ঊর্ধ্বগতিতে নতুন ক্রেতাদের জন্য বাড়ি কেনা কঠিন হয়েছে। বিক্রি ধীরগতি হলেও দাম কমার কোনো লক্ষণ নেই বাজারে। জুনে যুক্তরাষ্ট্রের মধ্যম সারির বাড়ির দাম বার্ষিক ১.৮ শতাংশ বেড়ে ৪ লাখ ৪০ হাজার ৬০০ ডলারে পৌঁছেছে, যা ১৯৯৯ সালের পর থেকে সর্বোচ্চ রেকর্ড। এনএআর-এর তথ্যমতে, টানা ৩৬ মাস ধরে দেশটিতে বাড়ির দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গত মাসে মোট বিক্রিত বাড়ির ৩৩ শতাংশ কিনেছেন প্রথমবারের মতো বাড়ি ক্রেতারা।
অর্থনীতিবিদরা জানান, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে বাড়ি পাওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এ কারণেই বাজারে বাড়ির সরবরাহ বাড়ানো জরুরি। মূলত ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্রের আবাসন বাজার মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে বাড়ির বিক্রি বেড়েছে মাত্র ০.৭ শতাংশ। বছরের পর বছর ধরে চলা নির্মাণ ঘাটতি এবং বাজারে বিক্রয়যোগ্য বাড়ির তীব্র সংকটের কারণেই মূলত বিক্রি কমার পরও দাম এতটা চড়া রয়েছে।