সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৭ এএম, ২৭ জুন ২০২৬ শনিবার
# বাতিল হচ্ছে নিম্ন আয়ের আবেদনকারীদের ফি মওকুফ
সিটিজেনশীপ আবেদন ফি ৭৬০ ডলার থেকে ১৩৩০ ডলার হচ্ছে। বাতিল হচ্ছে নিম্ন আয়ের আবেদনকারীদের জন্য ফি মওকুফের বিধান। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের স্বপ্ন দেখা লাখো বৈধ অভিবাসীর জন্য বড় ধরনের আর্থিক বাধা তৈরি করতে পারে ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাব। গত ২২ জুন প্রকাশিত একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন ফি বর্তমানের তুলনায় ৫৭০ ডলার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে নিম্ন আয়ের আবেদনকারীদের জন্য দীর্ঘদিনের ফি মওকুফ এবং ফি কমানোর সুবিধাও বাতিল করার প্রস্তাব করা হয়েছে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) প্রস্তাব অনুযায়ী, কাগজে নাগরিকত্বের আবেদন জমা দিতে বর্তমানে যেখানে ৭৬০ ডলার ফি দিতে হয়, সেখানে নতুন নিয়ম কার্যকর হলে আবেদনকারীদের গুণতে হবে ১ হ্জাার ৩৩০ ডলার। অন্যদিকে অনলাইনে আবেদনকারীদের জন্য ফি ৭১০ ডলার থেকে বেড়ে ১ হাজার ২৮০ ডলার হবে। এছাড়া কোনো আবেদন প্রত্যাখ্যাত হলে পুনর্বিবেচনার আবেদন করার ক্ষেত্রেও অতিরিক্ত ৬৪৫ ডলার ফি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে নিম্ন আয়ের লাখো বৈধ অভিবাসীর জন্য নাগরিকত্ব অর্জন আরো কঠিন হয়ে পড়বে। বিশেষ করে বয়স্ক অভিবাসী, শরণার্থী, রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তি এবং স্বল্প আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তবে এ ফি বৃদ্ধি এখনো কার্যকর হচ্ছে না। এটি এখনো একটি প্রস্তাবিত নিয়ম মাত্র। যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ম প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এটি প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে সাধারণ জনগণ, অভিবাসন বিশেষজ্ঞ, আইনজীবী, অধিকারকর্মী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে মতামত বা আপত্তি জমা দিতে পারবেন। এরপর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। ফলে জনমতের ভিত্তিতে এ প্রস্তাবে পরিবর্তন আসারও সুযোগ রয়েছে।
নতুন প্রস্তাবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) বলেছে, নাগরিকত্ব আবেদনের প্রকৃত খরচ পূরণ করতে এবং আবেদনকারীদের আরো গভীরভাবে যাচাই-বাছাই করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে। ইউএসসিআইএস অন্য অনেক ফেডারেল সংস্থার মতো সরাসরি কংগ্রেসের অর্থায়নের ওপর নির্ভর করে না সংস্থাটির অধিকাংশ কার্যক্রম পরিচালিত হয় আবেদনকারীদের দেওয়া ফি থেকে।
