রোববার   ১৬ আগস্ট ২০২৬   শ্রাবণ ৩১ ১৪৩৩   ০২ রবিউল আউয়াল ১৪৪৮

ট্রাম্পে নাখোশ ৫৭ শতাংশ মার্কিনি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২১ এএম, ৮ জুন ২০২৬ সোমবার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজাই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে তারা ‘একটি অন্ধকার গলিতে প্রবেশ করবে’। তিনি আরও বলেন, ট্রাম্প যদি ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে চান, তাহলে তাঁর প্রতি ইরানের আস্থা রাখার একটি পরীক্ষা হলো ২ হাজার ৪০০ কোটি ডলার। এটি এমন এক পরীক্ষা, যেখানে যুক্তরাষ্ট্রকে পাস করতে হবে। তবেই পথ খুলবে। অন্যথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না। তেহরানে দেওয়া এই একান্ত সাক্ষাৎকারে মহসেন রেজাই আরও বলেন, ‘আলোচনায় অচলাবস্থা চলছে। এ অচলাবস্থা ট্রাম্পকেই ভাঙতে হবে। বল এখন ট্রাম্পের কোর্টে।’ রেজাই বলেন, ইরানের জব্দ অর্থ ছাড়া হলে তা দুই দেশের মধ্যে আস্থা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর ভাষায়, ট্রাম্প প্রশাসন যদি এ অর্থ মুক্ত করে, তবে তা ইরান ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে ‘একটি নতুন দিগন্ত’ খুলে দিতে পারে।  আরেক খবর অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা ইরানি সম্পদ ছাড়ের বিষয়টি নিয়ে সতর্ক রয়েছেন। তাঁদের আশঙ্কা, এখন অর্থ ছাড় করলে ইরানের ওপর চাপ ধরে রাখার গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বেহাত হবে। ট্রাম্পে নাখোশ ৫৭% মার্কিনি : ইরানের সঙ্গে যুদ্ধের রাজনৈতিক প্রভাবও যুক্তরাষ্ট্রে স্পষ্ট হতে শুরু করেছে। ২ জুন পর্যন্ত রিয়েলক্লিয়ারপলিটিকসের গড় জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদন হার নেমে এসেছে ৪০ দশমিক ৩ শতাংশে। অন্যদিকে তাঁর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন ৫৭ শতাংশ মার্কিন নাগরিক। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এবং অর্থনৈতিক চাপ বাড়তে থাকায় ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপও বাড়ছে।

বিশেষজ্ঞদের সতর্ক বার্তা হলো, যুদ্ধের প্রকৃত অর্থনৈতিক ও মানবিক মূল্য এখনো পুরোপুরি দৃশ্যমান হয়নি। সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আরও গভীর হতে পারে।