বুধবার   ২৭ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩   ১০ জ্বিলহজ্জ ১৪৪৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:০৫ এএম, ২৭ মে ২০২৬ বুধবার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রদেশের একটি কাগজের কারখানায় রাসায়নিক ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি গুরুতর হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় ২৬ মে মঙ্গলবার সকাল ৭টা ১৯ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। ওয়াশিংটনের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি টেন ও সিবিএস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

যে কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে, সেটির নাম নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কোম্পানি। ঘটনার পর কারখানার কর্তৃপক্ষ ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, রাসায়নিকের ট্যাংকটি বিস্ফোরিত হওয়ার কারণে কারখানার ভেতরে থাকা একাধিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছেন এবং শিল্প প্রতিষ্ঠানটির ভেতরের বিশাল স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

ভয়াবহ এই ঘটনার পর লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা শেয়ার করেছে। ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুর্ঘটনাস্থলে এখনও তাদের উদ্ধার তৎপরতা পুরোদমে সচল রয়েছে। তবে অত্যন্ত সংবেদনশীল বিষয় হওয়ায় এবং হতাহতদের পরিবারের সদস্যদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে, তাদের সম্মতি পাওয়ার আগে আহত বা নিহতদের সুনির্দিষ্ট কোনো তথ্য কিংবা পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। অবশ্য কর্তৃপক্ষ আশপাশের সাধারণ নাগরিকদের আশ্বস্ত করে জানিয়েছে, কারখানার ভেতরের এই বিস্ফোরণের কারণে আশেপাশের আবাসিক এলাকার বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে লংভিউ ও ভ্যাংকুভারের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করে। তবে কারখানার ঠিক কোন রাসায়নিক ট্যাংকটিতে এই বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে কী ধরনের কেমিক্যাল মজুত ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার অভিযান সফল করতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪০ জন অভিজ্ঞ কর্মী এবং জরুরি প্যারামেডিক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে পরবর্তীতে বিস্তারিত তদন্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।