শনিবার   ০৯ মে ২০২৬   বৈশাখ ২৫ ১৪৩৩   ২২ জ্বিলকদ ১৪৪৭

আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:০৮ এএম, ৯ মে ২০২৬ শনিবার

বাংলাদেশ প্যারেড আয়োজকদের সংবাদ সম্মেলন

 
নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ আয়োজন ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে। বাংলাদেশি কমিউনিটির অবস্থান আরো সুদৃঢ়ভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে শতাধিক সংগঠনের অংশগ্রহণে এ প্যারেড আয়োজন করা হচ্ছে। গত ২ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ‘সানাই পার্টি’ সেন্টারে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্যারেডে অংশ নিতে বাংলাদেশ থেকে আসছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী রিচি সোলায়মান, তানজিম তিশা ও সজল নূর। মূলধারার রাজনীতিবিদদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। যার মধ্যে রয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল, নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি, কংগ্রেসম্যান আলেক্সজান্ডিয়া ওকাসিও কর্টেজ, কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান টম সুয়াজি। ইতিমধ্যেই কংগ্রেসওম্যান গ্রেস মেং ও টম সুয়াজি নিশ্চিত করেছেন বলে তারা জানান। 

আয়োজকরা জানান, ৬৯ স্ট্রিট থেকে ৩৭ অ্যাভিনিউ হয়ে ৮৭ স্ট্রিট পর্যন্ত এই প্যারেড অনুষ্ঠিত হবে। এতে থাকবে বাঙালি সংস্কৃতির নানা উপাদান নিয়ে সাজানো ফ্লোট, পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের নাচ-গান পরিবেশনা। নিরাপত্তার বিষয়ে জানানো হয়, নিউ ইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি-আমেরিকান সহস্রাধিক অফিসার প্যারেডের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবেন।

প্যারেড কমিটির সদস্য সচিব ফাহাদ সোলায়মান অনুষ্ঠান সঞ্চালনা করেন। তিনি জানান, প্যারেড উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বিভিন্ন পর্বে কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এক প্রশ্নের জবাবে ফাহাদ সোলায়মান বলেন, প্যারেডের বাজেট ধরা হয়েছে প্রায় ১ লাখ ডলার (৮৫ হাজার ডলার)। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য প্রয়োজন হলে প্যারেড শেষে আয় ব্যয়ের হিসেব প্রকাশ করা হবে। 

সূচনা বক্তব্যে কমিটির চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, ইতোমধ্যে ১২০টি সংগঠন ব্যানার-ফেস্টুনসহ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে এবং আরো অনেকে অপেক্ষমাণ রয়েছেন। তার আশা, এবারের আয়োজন প্রবাসীদের জন্য একটি জমকালো ও ঐতিহাসিক অনুষ্ঠানে পরিণত হবে।

কনভেনর গিয়াস আহমেদ বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাও প্যারেডে অংশ নিতে পারেন। আয়োজনে আরো উপস্থিত ছিলেন গ্র্যান্ড মার্শাল এম আজিজ, প্যারেড কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, ইভেন্ট কো-অর্ডিনেটর ফেড রকি, ফয়সাল আজিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, পিয়াল, আবুল ফজল দিদারুল ইসলাম, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শুভ্র দেব, রাশেদ আহমেদ, অ্যানি ফেরদৌস, নিলোফার ইয়াসমীন, আনিসুল কবীর জাসির, আব্দুর রশিদ বাবু, আহসান হাবিব, শাহাদাত হোসেন, সাকিল মিয়া, মোহাম্মদ সেলিম, আমিন খান জাকির, শাহ জে. চৌধুরী, ময়নুজ্জামান চৌধুরী, বিপ্লব সাহা, হুমায়ুন কবীর ঢালি, নূরুল আজিম, নূর আমিন, একেএম রফিকুল ইসলাম ডালিম, সরওয়ার খান বাবু, জাহাঙ্গীর সরওয়ার্দী, শাখাওয়াত বিশ্বাস, রিদওয়ান হক, নাসির আলী খান পল, ফারুক হোসেন মজুমদার, কাজী আমিনুল ইসলাম স্বপন, আলাউদ্দিন বুলু, রুহুল আমিন সরকার, খায়রুল খোকন, মাওলানা কাজী কাইয়্যুম, সোহেল হোসেন, আকবর হায়দার কিরণ, নাসরীন আহমেদ, সাইফুল ইসলাম, দেওয়ান কাউছার, শিল্পী কবীর বকুল, আফতাব জনি প্রমুখ। এছাড়াও ছিল নতুন প্রজন্মের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, জ্যাকসন হাইটসের এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আয়োজকরা বলেন, ‘বাংলাদেশ ডে প্যারেড’ ঘিরে প্রবাসীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এই উদযাপনের মূল আকর্ষণ হিসেবে তৈরি করা হয়েছে একটি প্রাণবন্ত থিম সং, যার মাস্টারিংয়ের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। দেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপুর সুরে গানটিতে প্রাণ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় একঝাঁক কণ্ঠশিল্পী। তারা হলেন- কামরুজ্জামান বকুল, বিন্দুকণা, শাহ মাহবুব, তৃনিয়া হাসান, কৃষ্ণা তিথী এবং নাজু আকন্দ। গানটি রচনা করেছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবি হুমায়ূন কবীর ঢালী। 

পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ‘বাংলাদেশ ডে প্যারেড’-এর সদস্য সচিব ফাহাদ সোলায়মান। তিনি আশা প্রকাশ করেন, এই থিম সংটি শুধু প্যারেডের দিনেই নয়, বরং প্রতিটি প্রবাসী বাঙালির হৃদয়ে দেশাত্মবোধের নতুন জোয়ার সৃষ্টি করবে।