ডেমোক্র্যাট কাউন্টি কমিটিতে লড়ছেন খোরশেদ খন্দকার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৪ এএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার
কুইন্সে আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনকে ঘিরে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই নির্বাচনে ডেমোক্রেটিক কাউন্টি কমিটি মেম্বার পদে প্রার্থী হয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট খোরশেদ খন্দকার, যা স্থানীয় বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অংশগ্রহণকে আরও দৃশ্যমান করে তুলছে।
তিনি কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৯ এবং ইলেকশন ডিস্ট্রিক্ট-৪৩ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৩ জুন এই প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তার মনোনয়নপত্র নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশন কর্তৃক গৃহীত হয়েছে।
খোরশেদ খন্দকার ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (অ্যাসাল)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দীর্ঘদিন ধরে তিনি কমিউনিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
তার প্রার্থিতাকে সমর্থন জানিয়েছেন অ্যাসাল-এর প্রতিষ্ঠাতা ও এমেরিটাস প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন।
উল্লেখ্য, খোরশেদ খন্দকার কুইন্সের বর্তমান অ্যাসেম্বলিওম্যান অ্যালিসিয়া হাউন্ডম্যানের প্রতিনিধিত্বাধীন এলাকা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
কমিউনিটির অনেকের মতে, তার এই প্রার্থিতা যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের প্রতিনিধিত্ব আরও জোরদার করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করবে।
