মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৭ ১৪৩৩   ২৬ সফর ১৪৪৮

বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৫৪ এএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার


  

নিউইয়র্কে বাংলাদেশ যে প্যারেড আগামী ১৭ মে রোববার অনুষ্ঠিত হবে। এবারের প্যারেডের যৌথ আয়োজক জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজসেন অ্যাসোসিয়েশন (জেবিবিএ) ও হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস এবং ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল। প্যারেড সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটসের প্রতিষ্ঠাতা ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান  গত ১ এপ্রিল জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ ডে প্যারেড সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতিমধ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন- জেবিবিএ সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ আহ্বায়ক, ফাহাদ সোলায়মান সদস্য সচিব, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী চেয়ারম্যান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট লায়ন এফ এম রকি ইভেন্ট কো-অর্ডিনেটর এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট লায়ন আহসান হাবিব চিফ কো-অর্ডিনেটর। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি একটিভিস্ট নাসির আলী খান পল, গিয়াস আহমেদ, এটর্নি মঈন চৌধুরী, বাপার সভাপতি প্রিন্স আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফকরুল আলম, নিউইয়র্ক এসেমব্লিতে পদপ্রার্থী সামশুল হক, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ আজিজ, কমিউনিটি একটিভিস্ট আব্দুস সোবহান ও ইয়ং জেনারেশনের মোহাম্মদ আহাদ।
ফাহাদ সোলায়মান জানান, অন্যান্য যে কোনো বারের চেয়ে এবারে বাংলাদেশ ডে প্যারেড সমৃদ্ধ হবে। সবার সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি এগিয়ে চলছে। তিনি জানান, ইতিমধ্যে সিটি থেকে অনুমতি নেওয়া হয়েছে। ১৭ মে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট ও ৮৯ স্ট্রিটের মধ্যবর্তী ৩৭ অ্যাভিনিউতে এই প্যারেড অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অনেক সেলিব্রেটি প্যারেডে অংশ নেবেন। ইতিমধ্যে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও জনপ্রিয় াভিনেতা চঞ্চল চৌধুরী অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন। এছাড়া প্রতিবারে মত এবারো নিউইয়র্কের মূলধারার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা প্যারেডে অংশ নেবেন। 
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল জজ নুসরাত এবং নিউইয়র্ক স্টেট জজ সোমা সাঈদকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল থাকবেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ এবং ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।