সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৮ এএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার
নিউইয়র্ক সিটির ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে মুসলিম এক নারীর হিজাব খুলে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত একজন দণ্ডপ্রাাপ্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল প্রায় ৫টা ২০ মিনিটে পার্কের ১০৯তম স্ট্রিট ও ইস্ট ড্রাইভের কাছে ৩০ বছর বয়সী লতিফ ক্যালডওয়েল নামের এক ব্যক্তি ৪৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন।
অভিযোগে বলা হয়েছে,ভুক্তভোগী ওই নারীকে বেঞ্চে ফেলে দিয়ে তার পরিধান করা পূর্ণদেহের হিজাব ছিঁড়ে ফেলে এবং জোরপূর্বক তার পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করে। এমনকি তাকে লাথিও মারা হয়।
তবে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেন ওই নারী ভুক্তভোগী। এ সময় আশেপাশে থাকা কয়েকজন সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে কাছেই থাকা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।
আদালতের ডকুমেন্ট অনুযায়ী, পুলিশ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে যে, সে ওই নারীর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিল।
বুধবার আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ আনা হয়। তবে এ ঘটনায় তাকে ‘হেট ক্রাইম’-এর অভিযোগে অভিযুক্ত করা হয়নি। আদালতে অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করেছে এবং বর্তমানে তাকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এর আগেও ২০২২ সালে ম্যানহাটনে এক নারীর ওপর ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ক্যালডওয়েল গ্রেফতার হয়েছিলেন।পরবর্তীতে ২০২৩ সালে তিনি যৌন নিপীড়নের চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত হন এবং গত বছর কারাগার থেকে ছাড়া পান।(সোর্স-পিক্স ১১)
