শুক্রবার   ২০ মার্চ ২০২৬   চৈত্র ৬ ১৪৩২   ০১ শাওয়াল ১৪৪৭

স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২০ মার্চ ২০২৬ শুক্রবার


শিক্ষার্থী এবং পথচারিদের জীবন রক্ষার্থে নিউইয়র্ক সিটির স্কুলসমূহের আশে-পাশে গাড়ি চালানোর গতি ঘণ্টায় ২০ মাইল থেকে কমিয়ে ১৫ মাইল করা হলো। সিটি মেয়র জোহরান মামদানি ১৬ মার্চ এ ঘোষণা দিয়েছেন। এ সময় তার পাশে ছিলেন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ট্র্যান্সপোর্টেশনের (ডিওটি) কমিশনার মাইক ফ্লিন-সহ পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। ‘গাড়ির গতিবেগ যত কমবে ততই বাঁচবে মানুষের জীবন’ এবং এটাই আমার প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য-বলেন মামদানি।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ৫ বরোর (ম্যানহাটান, কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ড) ২৩০০ স্কুল জোনের মধ্যে ৭০০ জোনেই গাড়ি চালানোর সর্বোচ্চ গতিবেগ ছিল ২০ মাইল করে। নতুন নির্দেশার পরিপ্রেক্ষিতে ১৫ মাইল গতিবেগের আওতায় এলো ৮০০ জোন। ডিওটি সূত্র বলেছে, এখন মোট ১৩০০ স্কুলের আশেপাশে ১৫ মাইলের অধিক বেগে গাড়ি চালালেই মোটা অংকের জরিমানা গুণতে হবে গাড়ির ড্রাইভারকে। জরিমানার বিধি কার্যকর করতে ইতিমধ্যেই স্কুল জোনসমূহে ২৪০০ স্পিড ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও থাকবে ট্রাফিক-পুলিশের দল। তবে এই নির্দেশ কার্যকরী হওয়ার আগে জনমত সংগ্রহ করা হবে ৬০ দিনের মধ্যে। ডিওটি সূত্রে আরো জানা গেছে, ১৫ মাইল বেগের গাড়ির ধাক্কায় যত মানুষের প্রাণ ঝরে, তার চেয়ে তিনগুণ বেশী মারা যায় ২৫ মাইল বেগে চালানো গাড়িতে।

কুইন্সের ফ্লাশিং ইন্টারন্যাশনাল হাই স্কুলে শিক্ষার্থীসহ সর্বসাধারণের উপস্থিতিতে এক অনুষ্ঠানে মেয়র আরো উল্লেখ করেন, ১৩ বছর আগে ব্রুকলীনের পার্ক স্লোপের বাসার সামনে ১২ বছরের শিশু স্যামী কোহেনের মৃত্যু হয় একটি ভ্যানের নীচে পড়ে। সেই থেকে তার মা আন্দোলন-দেন-দরবার করছেন গাড়ির গতিবেগ কমানোর জন্যে। ২০২৪ সালে সিটি কাউন্সিলে একটি বিলও পাস হয়েছে। মেয়র আরো বলেন, গত ১৩ বছরে সিটির রাস্তায় গাড়ি চাপা অথবা ধাক্কায় প্রাণ গেছে শতাধিক শিক্ষার্থীসহ ২৯০০ জনের। নিউইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, এই সিটিতে গাড়ি দুর্ঘটনায় যত মানুষের প্রাণ গেছে তার ২৫% ছিলেন দ্রুত বেগে চালানোর গাড়িতে। সেজন্যেই আমরা গাড়ির গতিবেগ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছি।

মেয়র মামদানি উল্লেখ করেন, নিউইয়র্ক সিটিতে মোট ৩২০০ পাবলিক স্কুল রয়েছে। এর মধ্যে ২৩০০ স্কুল জোনে ঘন্টায় ১৫ মাইলের গতিবেগ কার্যকরী হবে পর্যায়ক্রমে। তবে এ বছরের মধ্যে মোট ১৩০০ স্কুল জোনের গতিবেগ কমিয়ে ১৫ মাইলে আসবে।