মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১১ ১৪৩২   ০৭ রমজান ১৪৪৭

আগের বৈশ্বিক শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:১৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা আইইইপিএর অধীনে বিভিন্ন দেশের পণ্যের ওপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, তা বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট (মার্কিন পূর্বাঞ্চলীয় সময়) থেকে এই শুল্ক আর নেওয়া হবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ওই শুল্ক আরোপকে ‘এখতিয়ার বহির্ভূত’ বলে রায় দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ তাদের বার্তায় আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত কোম্পানিগুলোকে জানিয়েছে, আইইইপিএর অধীনে আগে যে শুল্ক কোডগুলো চালু ছিল, সেগুলো নির্দিষ্ট সময় থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে।

তবে এর মধ্যেই ট্রাম্প আরেক আইনের অধীনে নতুন করে ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন। নতুন এই শুল্কও মঙ্গলবার থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টের রায়ের পরও কয়েকদিন শুল্ক নেওয়া কেন বন্ধ হয়নি, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। এতদিন যারা এই শুল্ক পরিশোধ করেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আইইইপিএর শুল্ক বন্ধ হলেও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত ধারা ২৩২ এবং অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে ধারা ৩০১-এর অধীনে আরোপিত অন্য শুল্ক কার্যকর থাকবে। প্রয়োজনে ব্যবসায়ীদের আরও নির্দেশনা দেওয়া হবে।

বিশ্লেষকদের ধারণা, আদালতের রায়ের ফলে বিপুল অঙ্কের অর্থ ফেরত দেওয়ার প্রশ্ন উঠতে পারে। তবে আদালত সরাসরি অর্থ ফেরতের নির্দেশ না দেওয়ায়, ব্যবসায়ীদের হয়তো আবার আদালতের দ্বারস্থ হতে হবে। সে ক্ষেত্রে অর্থ ফেরত পেতে কয়েক বছর সময় লাগতে পারে।