সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

ভয়ংকর তুষার ঝড়ের হুমকিতে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

গত মাসের ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ ২০ স্টেটে শীতকালীন ভয়ংকর ঝড়ে ১১৫ জনের প্রাণহানিসহ বিপুল ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই ২২ ফেব্রুয়ারি বিকালে আরেকটি ভয়ংকর তুষার ঝড়ের হুমকিতে পড়েছে দেশটির ৮ স্টেট। ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি এই ঝড় আছড়ে পড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এ অবস্থায় নিউজার্সির স্টেট গভর্নর মিকি শেরিল এবং নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল আগাম জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

দুই গভর্নর আলাদা আলাদা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কোনো কোনো এলাকায় ১৮ ইঞ্চিরও অধিক তুষারপাত হতে পারে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে জাতীয় আবহাওয়া দপ্তরের বুলেটিনে উল্লেখ করা হয়, আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্ট এই দুর্যোগ ভার্জিনিয়া থেকে ধেয়ে আসছে এবং তা আঘাত করবে নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ম্যাসেচুসেট্স-আশপাশের এলাকায়। এর আওতায় রয়েছেন দেলওয়ারে স্টেট থেকে দক্ষিণ-পূর্ব ম্যাসেচুসেট্স পর্যন্ত ৩ কোটিরও অধিক মানুষ- যেখানে এক ফুটের বেশি তুষারপাতের আশঙ্কা বিরাজ করছে। এসব স্থানে ৩ লাখের মতো বাংলাদেশি-আমেরিকানও রয়েছেন। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত থেকে সোমবার সন্ধ্যা নাগাদ এই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হওয়া জনপদে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়তে পারে।

নিউইয়র্কের স্টেট গভর্নর ক্যাথি হোকুল- নিউইয়র্ক সিটি এবং লং আইল্যান্ডের যেসব এলাকায় সবচেয়ে তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে সে সব এলাকায় ন্যাশনাল গার্ডের শতাধিক সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন।