রোববার   ২১ জুন ২০২৬   আষাঢ় ৭ ১৪৩৩   ০৫ মুহররম ১৪৪৮

মিনেসোটায় আইসিইর অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বর্ণবাদী ভিডিও শেয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে মুখ খুলেছেন ওবামা। লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সরাসরি ট্রাম্পের নাম না নিলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন।

ওবামা বলেছেন, একসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে যে লজ্জা, শিষ্টাচার ও সৌজন্যবোধ কাজ করত, তা এখন পুরোপুরি হারিয়ে গেছে। সাধারণ আমেরিকানরা এই ধরনের আচরণকে অত্যন্ত উদ্বেগজনক মনে করলেও সামাজিক মাধ্যম এবং টেলিভিশনে বর্তমানে কেবল একটি ‘ভাঁড়ামি’ বা ‘ক্লাউন শো’ চলছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক আলোচনার স্তর বর্তমানে যে পর্যায়ে নেমে গেছে, তা আগে কখনও দেখা যায়নি। বর্ণবাদী আক্রমণ বা বিভেদ সৃষ্টিকারী মন্তব্যগুলো অনেক সময় প্রচার পাওয়ার বা দৃষ্টি ঘোরানোর কৌশল হিসেবে ব্যবহৃত হয়। তবে আশার কথা হিসেবে ওবামা জানান, যুক্তরাষ্ট্রজুড়ে ভ্রমণের সময় তিনি এমন অনেক মানুষের দেখা পান যারা এখনও সৌজন্যবোধ, দয়া এবং পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাস করেন।

বিতর্কিত ওই ভিডিওটি ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছিল, যেখানে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবির পাশাপাশি ওবামা দম্পতিকে ‘বানর’ হিসেবে চিত্রায়িত করা একটি ক্লিপ যুক্ত ছিল। ভিডিওটি শেয়ার হওয়ার পর ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 

এদিকে মিনেসোটায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) সাম্প্রতিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন ওবামা। তিনি বলেন, ফেডারেল এজেন্টদের কিছু আচরণ ‘স্বৈরাচারী রাষ্ট্রের’কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। শনিবার রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা এসব মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ফেডারেল সরকারের কিছু এজেন্টের ‘নিয়ন্ত্রণহীন আচরণ’ উদ্বেগজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। তাঁর ভাষায়, অতীতে এমন ধরনের আচরণ কর্তৃত্ববাদী দেশগুলোতেই দেখা গেছে। খবর বিবিসি ও সিএনএনের