শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৪ ১৪৩২   ১৯ শা'বান ১৪৪৭

নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৪৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার



পবিত্র শবে বরাত উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে এক মিলাদ মাহফিলের আয়োজন করেছে কমিউনিটি বিশ্বস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার ও শাহনেওয়াজ গ্রুপ।
২ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এই মিলাদ মাহফিলে কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম মুস্তাইন বিল্লাহ রব্বানী। তিনি শবে বরাতের বিষয়ে কোরআন ও হাদিসের রেফারেন্স তুলে ধরে বক্তব্য রাখেন।
শবে বরাতের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন ইমাম কাজী কাইয়্যুম। তিনি বলেন, এই রাতে আল্লাহ মানুষের জন্য বিশেষ সুযোগ রেখেছেন। কেউ যদি তার অতীত গুনাগুলো স্মরণ করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাকে মাফ করে দেন। তাই এ রাতে আমরা শুধু নিজেদের জন্য নয় আমাদের পূর্বপুরুষের সকল মুসলিমের জন্য আল্লাহর দরবারে দোয়া করব।
তিনি আরো বলেন, আগে প্রতিটি পাড়ায় মহল্লায় ভাব গাম্ভীরে‌্যর মধ্য দিয়ে শবে-বরাত পালন করা হতো। এখন সে প্রচলন কেন যেন উঠে যাচ্ছে। মানুষ এখন শবে বরাতের তাৎপর্য অনুধাবন করতে পারছে না। তাই সবাইকে শবে বরাতের তাৎপর্য ও গুরুত্ব উপলব্ধি করে শবে বরাতের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।
দোয়া মাহফিলে ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ গ্রুপ ও গোল্ডেন এজ হোমকারের সিইও শাহনেওয়াজ, শাহানেওয়াজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট রাননেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব অ্যাটর্নি মইন চৌধুরী, নিউইয়র্ক-বাংলাদেশ লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রকি আলিয়ান, বর্তমান প্রেসিডেন্ট জেএফএম রাসেল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি ব্যক্তিত্ব শাহ শহীদুল হক, রিয়েলটর নুরুল আমিন, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সাবেক সদস্য আবুল কাশেম চৌধুরীও তোফায়েল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহিমান্বিত এ রাতে আমাদের সবাইকে গোপনে ও প্রকাশ্যে এবাদত করতে হবে যাতে আল্লাহর কাছ থেকে মাফ নেয়া যায়।  অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে নাতে রাসূল ও হামদ পরিবেশন করা হয়।