বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:৫৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা ভারতীয় যুবক বরুণ অরোরা (৩৮) বিমানে উঠে এক নারীকে ঘুমের ভান করে নির্যাতন করেছেন। এ ঘটনায় দেশটির ভার্জিনিয়া রাজ্যের একটি আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। এ ঘটনায় অভিযুক্তের দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা যায়।
মার্কিন অ্যাটর্নি অফিসের জারি করা এক বিবৃতি অনুসারে জানা গেছে, ২০২৪ সালের ২৯ আগস্টে রোড আইল্যান্ড থেকে ওয়াশিংটনগামী একটি ফ্লাইটে অরোরা ভ্রমণ করছিলেন। তখন তিনি ওই অপকর্ম করেন। এ ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ফ্লাইটে অরোরার পাশে বসে থাকা ওই নারী বিমানের অবতরণের সময় জেগে ওঠেন। তখন তিনি দেখতে পান, ওই ভারতীয় যুবক তাকে আপত্তিকর আচরণ করছেন। স্লিপ মাস্ক পরা অরোরা ঘুমের ভান করে বারবার ভুক্তভোগী নারীর সঙ্গে আপত্তিকর আচরণ করছিলেন।
এ মামলাটি তদন্ত করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ওয়াশিংটন ফিল্ড অফিস। অভিযুক্তের বিরুদ্ধে আইনি কার্যক্রম পরিচালনা করেন বিশেষ সহকারী মার্কিন অ্যাটর্নি ম্যাডিসন মুম্মা এবং সহকারী মার্কিন অ্যাটর্নি রাসেল এল কার্লবার্গ।
মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, ভারতীয় নাগরিক বরুণ অরোরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ২৯ জানুয়ারি তাকে নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ৭ মে যুক্তরাষ্ট্রের ফেডারেল জেলা আদালতের বিচারক মার্কিন আইন ও শাস্তির নির্দেশিকা অনুসারে তার সাজা নির্ধারণ করবেন।
সূত্র : এনডিটিভি
