মাদুরোকে মার্কিন জাহাজে করে নেওয়ার ছবি শেয়ার করলেন ট্রাম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩২ এএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার
ট্রাম্প ট্রুথ সোশালে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের একটি নতুন ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ইউএসএস আইও জিমা জাহাজে দেখা যাচ্ছে। যে জাহাজে করে ভেনেজুয়েলার নেতাকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে বলে তিনি আগেই ফক্স নিউজকে জানিয়েছিলেন।
ছবিতে মাদুরো বলে দাবি করা ব্যক্তির চোখে একটি আই মাস্ক ও কানে হেডফোন দেখা গেছে। তিনি ধূসর রঙের একটি ট্র্যাকসুট পরে আছেন। এছাড়ার তার হাতে একটি পানির বোতল এবং হাতকড়া পরানো বলে মনে হচ্ছে।
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন, মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস ইউএসএস আইও জিমা জাহাজে আছেন এবং নিউইয়র্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
শনিবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান, ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলা-সংক্রান্ত সামরিক অভিযানের সময় রাতে গ্রেপ্তার হওয়া এই দম্পতির বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করা হবে।
ট্রাম্প বলেন, গ্রেপ্তারের সময় মাদুরো একটি কঠোর নিরাপত্তাবেষ্টিত ‘দুর্গে’ অবস্থান করছিলেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী মাদুরো যে ভবনে ছিলেন তার সঙ্গে ‘একেবারে একই রকম’ একটি বাড়ি তৈরি করেছিল।
তিনি বলেন, ‘তারা আসলে এমন একটি বাড়ি তৈরি করেছিল, যা তারা যে ভবনে ঢুকেছিল তার হুবহু অনুরূপ—চারদিকে সেফ, ইস্পাতের কাঠামোসহ।’
ট্রাম্প আরও যোগ করেন, গ্রেপ্তার হওয়ার ঠিক আগে সংকটে থাকা এই নেতা একটি ‘নিরাপদ স্থানে’ ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু এত দ্রুত তাকে ঘিরে ফেলা হয়েছিল যে তিনি সেখানে ঢুকতেই পারেননি।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিজাত বিশেষ অভিযান ইউনিট ডেল্টা ফোর্স এই অভিযান পরিচালনা করেছে। তবে ট্রাম্প বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানান।
ট্রাম্পের এই ছবি পোস্ট করার কয়েক ঘণ্টা আগেই ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দাবি করেছিলেন, মাদুরো দম্পতি এখনও জীবিত আছেন—এর প্রমাণ ট্রাম্প প্রশাসনকে প্রকাশ করতে হবে।
প্রেসিডেন্ট আরও একটি সংকলিত ভিডিও শেয়ার করেন, যেখানে হামলার দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।
