মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬   ভাদ্র ৩ ১৪৩৩   ০৪ রবিউল আউয়াল ১৪৪৮

ফ্রেঞ্চ ফ্রাই ভাজলেন ট্রাম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৭ এএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বেশির ভাগ অঙ্গরাজ্যে ভোটারদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা করছেন কমলা-ট্রাম্প। গতকাল রোববার রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন ফাস্ট ফুড রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডসে আর তার ডেমোক্রেটিক  প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস দুটি গির্জায় গিয়েছিলেন।

কমলা একবার নিজেই জানিয়েছেন কলেজে পড়ার সময় তিনি ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন। তবে ট্রাম্প এমন দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি। তাই কমলার জন্মদিনে তার ম্যাকডোনাল্ডসে যাওয়াটা সংবাদমাধ্যমের নজর কেড়েছে। সেখানে তিনি কমলার বিরুদ্ধে আবারও মিথ্যা বলার অভিযোগ তোলেন।

ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় গিয়ে ট্রাম্প পরনের স্যুট খুলে কালো-হলুদ অ্যাপ্রোন পরে ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন। শুধু তা–ই নয়, ওই রেস্তোরাঁর জানালা দিয়ে মুখ বের করে তার সমর্থকদের হাতে ওই ফ্রেঞ্চ ফ্রাই তুলে দেন ট্রাম্প। এ সময় রাস্তার উল্টা পাশে হাজারো মানুষ জড়ো হয়ে এ দৃশ্য দেখেন। ট্রাম্প বলেন, ‘আমি এ কাজটি খুব পছন্দ করছি। আমি এখানে খুব মজা করেছি।’