মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

সাইক্লোন ‘ইদাই’য়ে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

গেলো বৃহস্পতিবার আফ্রিকার তিন দেশ জিম্বাবুয়ে, মোজাম্বিক ও মালাইয়ে ভয়াবহ আঘাত হানে সাইক্লোন ইদাই। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মোজাম্বিক। নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ নিউসি। সংবাদ মাধ্যম বিবিসি ও সিএনএন বলছে, সাইক্লোনে তিন দেশের দেড় কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

 

ঘূর্ণিঝড় ইদাই বৃহস্পতিবার মোজাম্বিকের বন্দরনগরী বেইরাতে আঘাত হানলেও উদ্ধারকারী দলগুলো তিনদিন পর রোববার সেখানে পৌঁছাতে সক্ষম হয়। উদ্ধারকারীরা যখন পৌঁছেন তখনও সেখানে জোরেসোরে বাতাস বইছিল। নদীগুলোর দুই কূলে উপচে পড়ছিল পানি।

 

ঘূর্ণিঝড়ের প্রভাবে কংক্রিটের তৈরি বহু ভবনের ছাদ উড়ে গেছে। এসব ভবনের ভেতরে মানুষসহ কোনোকিছুরই অস্তিত্ব খুঁজে পাচ্ছে না উদ্ধারকারীরা। কর্মকর্তারা এখন পর্যন্ত মোজাম্বিকে ৮৪ জনের মরদেহ খুঁজে পেয়েছেন। নিখোঁজ আছে শত শত মানুষ। অন্যান্য দেশ মিলিয়ে ঘূর্ণিঝড় ইদাইয়ে এ পর্যন্ত অন্তত ৩০০ জনের নিশ্চিত মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

বেইরা শহর পরিদর্শনের পর প্রেসিডেন্ট নিউসি বলেছেন, ঘূর্ণিঝড়ের আঘাত ছিল ভয়াবহ। তিনি বন্যার পানিতে মরদেহ ভেসে যেতে দেখেছেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) ঘূর্ণিঝড় ইদাইকে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। প্রতিবেশী দেশ জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ৯৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২১৭ জন এখনো নিখোঁজ। আরেক দেশ মালাইয়ে ঘূর্ণিঝড়ের আগে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১২২ জনের মৃত্যু হয়েছে।