নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত বেড়ে ৫০
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০১ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা শনিবার হামলার ঘটনাস্থল থেকে আরেকটি মরদেহ উদ্ধার করেছেন। দেশটির পুলিশ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।
শুক্রবার ১৫ মার্চ নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুইটি মসজিদে বন্দুক হামলা হয়। হামলার শিকার মসজিদ দু’টির একটি হলো শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন অ্যাভিনিউতে অবস্থিত আল নূর মসজিদ ও অপরটি হলো লিনউডে অবস্থিত লিনউড মসজিদ। - খবর সিএনএনে’র
দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, নিহতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। এদের মধ্যে আল নূর মসজিদেই নিহত হয়েছেন ৪১ জন। আর বাকিরা প্রাণ হারিয়েছেন লিনউড মসজিদে। নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। তাদের লাশ এখনও পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করা হয়নি।
এ হামলায় আহত হয়েছেন আরো ৫০ জন, যাদের মধ্যে ৩৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে এদের মধ্যে ১২ জনের অবস্থা সঙ্কটাপূর্ণ বলে জানিয়েছেন ক্রাইস্টচার্চ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. গ্রেগ রবার্টসন।
হামলার আগে সোশ্যাল মিডিয়ায় ‘দ্য গ্রেট রিপ্লেসমেন্ট’ নামের ৭৪ পাতার একটি কথিত ইশতেহার তুলে ধরে উগ্রপন্থী খুনি ব্রেন্টন ট্যারান্ট। এতে বলা হয়, শ্বেতাঙ্গরা গণহত্যার শিকার এবং সে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ ছড়িয়ে দিতে চায়। ইশতেহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শ্বেতাঙ্গ পরিচয়ের নতুন প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে ব্রেন্টন ট্যারান্ট। একইসঙ্গে প্রস্তাব করা হয়, মুসলিমদের জন্য যেন একটি ভীতিকর পরিবেশ তৈরি করা হয়।
শনিবার আদালতে হাজির করা হয় খুনিকে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ড সংঘটনের অভিযোগ আনা হয়েছে। ২৮ বছরের ওই উগ্র মুসলিমবিদ্বেষী খুনির বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন বিচারক।
