লন্ডনে মসজিদে হাতুড়ি নিয়ে মুসলিমের ওপর হামলা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা যেতে না যেতেই লন্ডনে এক মুসল্লির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার পূর্ব লন্ডনের একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে এক মুসল্লির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালায় অজ্ঞাত দুই ব্যক্তি। এসময় মসজিদে আসা মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করতে থাকে তারা।
এক পর্যায়ে ওই মুসল্লি গাড়িতে করে চলে যেতে থাকলে গাড়ির ওপরও হামলা চালানো হয়। এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য, গতকাল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় প্রায় অর্ধশত প্রাণহানির ঘটনা ঘটেছে; ওই হামলার দায় এখনও কেউ স্বীকার না করলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছে তার পরিচয় ও হামলার উদ্দেশ্য।
হামলাকারীর করা ভিডিও লাইভে দেখা গেছে, গাড়ির পেছনে রাখা স্বয়ংক্রিয় শটগান ও রাইফেল। এর মধ্যে দুইটি অস্ত্রই হাতে নেন তিনি। সেটা নিয়েই হেঁটে হেঁটে প্রধান ফটক দিয়ে মসজিদ প্রাঙ্গণে ঢোকেন। এসময় মসজিদের ভেতরে প্রবেশ গেটের সামনে দাঁড়িয়েছিলেন একজন। প্রথমে তাকে গুলি করে হত্যা করা হয়। গেটের সামনেই পড়ে যায় লাশ।
এরপর ভেতর ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকেন ওই ব্যক্তি। গুলিতে মানুষের লাশ পড়তে থাকে। বাঁচার জন্য আর্তচিৎকার করতে থাকে মানুষ। মারা যাওয়ার আগে গোঙানির আওয়াজ শোনা যায়। গুলি শেষ হয়ে গেলে আবারো গুলি লোড করেন হামলাকারী।
শুধু তাই নয়, ওই হামলাকারী ঘুরে ঘুরে লাশের উপরও গুলি চালাতে থাকেন। গাড়ি নিয়ে রাস্তায় উঠে সেখানেও নির্বিচারে গুলি চালান। এমনই এক ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা হয় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বেলা দেড়টার দিকে ক্রাইস্টচার্চে আল নূর নামের মসজিদে এই হামলা হয়। আল নূর ছাড়াও হামলা হয়েছে ক্রাইস্টচার্চের আরেকটি মসজিদেও। এতে সব মিলিয়ে ৪৯ জন নিহত হয়।
