বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

ক্রাইস্টচার্চে মসজিদে হামলা, নারীসহ আটক ৪

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাযের জন্য আল-নূর মসজিদে আসা মুসল্লিদের ওপর স্বয়ংক্রিয় বন্দুক থেকে সরাসরি গুলি করেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেনটন টারান্ট।

এতে এখন পর্যন্ত ৩০ জন নিহত ও বহু আহতের খবর দিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড।

পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, মসজিদে প্রাণঘাতী হামলার ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের মধ্যে এক নারী ও তিন পুরুষ রয়েছেন। তবে, আটকদের নাম প্রকাশ করেননি তিনি।

মাইক বুশ বলেন, ‘হামলাটি পরিকল্পিত এবং বহু হতাহত হয়েছে।’ বিপদ এখনো পুরোপুরি কাটেনি বলেও স্বীকার করেন তিনি।

 

স্থানীয় সাংবাদিক সাম ক্লার্ক জানান, জুমার নামাযের জন্য মুসল্লিরা আল-নূর মসজিদে জড়ো হন। হঠাৎ করেই এক ব্যক্তি মসজিদে ঢুকে স্বয়ংক্রিয় মেশিন দিয়ে গুলি করতে থাকেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ক্রাইস্টচার্চে গাড়ি থেকে অনেকগুলো আইইডি নিষ্ক্রিয় করা হয়েছে।

মাইক বুশ বলেন, ‘সত্যিকার অর্থেই এটি বিয়োগান্তক। অনেককেই ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারিনি। মসজিদটি সিলগালা করে রাখা হয়েছে।’

 

মাইক বুশ আরও বলেন, ‘আটকদের মধ্যে শরীরে বিস্ফোরক পরিহিত এক ব্যক্তি রয়েছেন। পরে তার শরীর থেকে সেগুলো সরানো হয়েছে। পুলিশ হেফাজতে তিনি নিরাপদে রয়েছেন।’

হামলার ঘটনায় ক্রাইস্টচার্চ শহরে সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সব স্কুল।

সন্ত্রাসী হামলাকে নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ‘কালো দিন’ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আরডেন।