নিউজিল্যান্ডে গুলিতে নিহত ২৭, টাইগাররা হোটেলে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছের একটি মসজিদে আততায়ীর হামলায় ২৭ জন নিহত হয়েছেন। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। তারা এখন হোটেলে অবস্থান করছেন। খবর- ওটাগো ডেইলি টাইমস।
শুক্রবার দেশটির হ্যাগলি ওভাল মাঠের সামনে ডিন এভিনিউয়ের কেন্দ্রীয় ক্রাইস্টচার্চে অবস্থিত আল নূর মসজিদে এই হামলার ঘটনা ঘটে। এদিন ওই মসজিদে বাংলাদেশ দলের সদস্যরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, এই হামলায় দুইজন অংশ নেন। এদের মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। মসজিদটিতে প্রায় তিনশ মুসল্লি ছিলেন।
মসজিদে প্রবেশের আগ মুহূর্তে অজ্ঞাত এক নারী টাইগারদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। তিনি জানান, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। খেলোয়াড়েরা তখন আতঙ্কিত হয়ে পড়েন এবং দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। এর আগে বাংলাদেশ দল এই মাঠে অনুশীলন করেন।
এ ঘটনায় গুরুতর বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এতে ২০ থেকে ৩০ জনের মতো আহত হয়েছেন। মসজিদের আশপাশের দুই কিলোমিটার এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইএসপিএন এর এক সাংবাদিক জানিয়েছেন, বাংলাদেশ দলের সদস্যরা নিরাপদে মাঠে পৌঁছেছেন। সর্বশেষ খবরে বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেটের ফেসবুক পেজে বলা হয়েছে, বন্দুক হামলার পর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য নিরাপদে হোটেলে ফিরে এসেছেন। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিসিবি যোগাযোগ অব্যাহত রাখছে।
বাংলাদেশ ক্রিকেট দলের মুখপাত্র বলেছেন, ক্রিকেট দলের সদস্যরা নিরাপদে রয়েছেন। তবে তারা মানসিকভাবে আহত হয়েছেন।
এ ঘটনার প্রেক্ষিতে সেখানে উপস্থিত থাকা বাংলাদেশ দলের ক্রিকেটার তামিম ইকবাল নিজের টুইটার একাউন্টে লিখেন, ‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, ক্রাইস্টচার্চের সব স্কুল বন্ধ করা হয়েছে। এছাড়া সাধারণ চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ক্রাইস্টচার্চে অবস্থান করছে। শনিবার বাংলাদেশ সময় ভোরে হ্যাগলি ওভালে স্বাগতকদের বিপক্ষে টাইগারদের খেলতে নামার কথা রয়েছে।
এদিকে এই পরিস্থিতিতে শনিবার টেস্ট সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে কি-না, সে ব্যাপারে এখনই কিছু জানাতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা।
সম্পূর্ণ ঘটনাটির ভিডিওঃ
