বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

বাংলাদেশসহ বিশ্বজুড়ে বোয়িংয়ের ৭৩৭-ম্যাক্স বাতিলের হিড়িক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার

বিশ্বের খ্যাতনামা বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি। তাদের বিশ্বব্যাপী জনপ্রিয় একটি মডেল ‘বোয়িং ৭৩৭’ এর নতুন একটি সংস্করন ‘বোয়িং ৭৩৭-ম্যাক্স ৮’ মডেল। সম্প্রতি ইথিওপিয়ান এয়ারলাইন্সে’র নতুন বোয়িং ৭৩৭-ম্যাক্স ৮ মডেলের একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ৮ জন ক্রুসহ ১৪৯ জন যাত্রীর সকলেই নিহত হয়।

এ ঘটনার পরপরই বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও এয়ারলাইন্সে বোয়িংয়ে’র নতুন এ মডেলটি বাতিলের হিড়িক পড়েছে। কারণ এ দুর্ঘটনার মাত্র ৫ মাস আগেই গেল বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা লায়ন এয়ারলাইন্সের একটি বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় ১৮৯ জন নিহত হয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানটিও ছিলো বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের। এ নিয়ে গেল ৫ মাসে বোয়িংয়ের দুটি ৭৩৭-ম্যাক্স মডেলের বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৪৬ জন।- খবর আল-জাজিরা’র।
 
উৎপাদন শুরুর কিছুদিন পর থেকেই বিতর্ক শুরু হয় বোয়িং ৭৩৭-ম্যাক্স ৮ মডেলটি নিয়ে। বিশ্বের অনেক এয়ারলাইন্স কোম্পানিই বোয়িংয়ের এ মডেলটিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে দাবি করেছে। বোয়িংয়ের বিতর্কিত এ মডেলটি আর ব্যবহার করবেনা বলে বিশ্বের বিভিন্ন দেশ ও এয়ারলাইন্স কোম্পানী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ইথিওপিয়ান এয়ারলাইন্স ও লায়ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো এয়ারলাইন্সকে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ কেনা বা লিজের অনুমতি দেয়া হবে না। দেশের কোনো বিমানবন্দরে দেশি কোনো এয়ারলাইন্স বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করতে পারবে না।

ইউরোপীয় দেশসমূহের জোট ইউরোপীয় ইউনিয়নে’র বিমান নিরাপত্তা সংস্থা ‘ইএএসএ’ জানিয়েছে যাত্রী নিরাপত্তার স্বার্থে তারা মঙ্গলবার থেকে বোয়িংয়ের ৭৩৭-ম্যাক্স ৮ ও ৯ মডেল দু’টির কোনো বিমান আর ব্যবহার করবে না। এছাড়া এ মডেলের কোনো বাণিজ্যিক বিমান ইইউ ভুক্ত কোনো দেশে অবতরন ও উড্ডয়নের ক্ষেত্রেও নিষেধাজ্ঞারোপ করেছে তারা।

এদিকে নিরাপত্তাজনীত কারণ দেখিয়ে যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও মঙ্গলবার থেকে দেশটির আকাশ সীমায় বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের সকল বিমানের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
 
সোমবার চীন কর্তৃপক্ষ এক বিবৃতিতে দেশটির সকল অভ্যন্তরীন রুটে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের বিমানটির ব্যবহার বাতিল করেছে। তারা জানিয়েছে, এ মডেলটির ত্রুটি সাড়ানোর পর তা যাত্রীদের জন্য নিরাপদ প্রমাণীত হলেই আবার চালু করা হবে। বোয়িংয়ের জন্য চীনের বাজার খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বজুড়ে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের সবচেয়ে বড় ক্রেতা চীন।

বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের বেসামরিক বিমান মন্ত্রণালয়ও দেশটিতে এ বিমানটির ব্যবহার ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাত তাদের দেশের আকাশ সীমায় এ মডেলের বিমানটির প্রবেশ ও অভ্যন্তরীন রুটে সব ধরনের ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ ছাড়াও বিভিন্ন বিমান সংস্থা এ মডেলের বিমানটির প্রয়োজনীয় সংস্কার ও যাত্রীনিরাপত্তা প্রমাণ না হওয়া পর্যন্ত এর ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে সম্প্রতি দুর্ঘটনার শিকার ইথিওপিয়ান এয়ারলাইন্স, নরওয়ে ভিত্তিক নরওয়েজিয়ান এয়ারলাইন্স, দক্ষিণ আফ্রিকার কমেয়ার এয়ারলাইন্স, ব্রাজিলের গল লিনহাস অ্যারিয়াজ, আমেরিকান এয়ারলাইন্স, মেক্সিকোর অ্যারোমেক্সিকো, আর্জেন্টিনার অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস ও কেইম্যান দ্বীপপুঞ্জের কেইম্যান এয়ারওয়েইজ।