বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

ইথিওপিয়া দুর্ঘটনায় ২১ জাতিসংঘ কর্মী নিহত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার

ইথিওপিয়ার আদ্দিস আবাবায় সম্প্রতি বিধ্বস্ত হওয়া ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানটির নিহত ১৪৯ যাত্রীর মধ্যে জাতিসংঘের ২১ কর্মীও ছিলেন। দেশটির সরকারি কর্তৃপক্ষ ও জাতিসংঘের এক মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে বিমানটি ১৪৯ জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। কিন্তু উড্ডয়নের মাত্র আট মিনিট পরই ৮টা ৪৪ মিনিটে ফ্লাইট ইটি-৩০২ বিশফটু শহরের কাছে বিধ্বস্ত হয়। খবর- রয়টার্স।

দুর্ঘটনার শিকার বিমানটিতে ৮ জন ক্রু ছাড়াও ৩৭টি দেশের ১৪৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে সাধারণ যাত্রী ছাড়াও  পুরস্কারজয়ী একজন লেখক, এক ফুটবল কর্মকর্তা এবং মানবিক ত্রাণকর্মীদের একটি দল ছিলেন। 
 
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) নাইরোবিতে সোমবার সপ্তাহব্যাপী একটি সম্মেলন আয়োজন করায় উড়োজাহাজটিতে অন্য যে কোনো সময়ের চেয়ে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার ত্রাণকর্মীর সংখ্যা ছিল বেশি। এদের মধ্যে ছিলেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংগঠনের ফিশারিজ কনসালটেন্ট এক ব্রিটিশ নারী এবং নাইরোবিতে ইউএনইপি’তে কাজ করা এক হংকং কর্মী।

এদিকে জাতিসংঘ স্টাফদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব এন্টোনিও গুতেরেস। ডব্লিউএফপি বলছে, তাদের ৭ জন স্টাফ উড়োজাহাজটিতে ছিল। এছাড়াও ছিলেন অটোয়ার চার্লটন বিশ্ববিদ্যালয়ের নাইরোবি বংশদ্ভূত এক অধ্যাপক। যিনি একজন পুরস্কারপ্রাপ্ত লেখক। ২০১০ সালে তিনি আফ্রিকা বিষয়ক লেখনীর জন্য পেঙ্গুইন পুরস্কার পেয়েছিলেন।

বিমান দুর্ঘটনায় এ ক্ষতির পাশাপাশি বড় ধরনের ক্ষতি হয়েছে কেনিয়ারও। কেনিয়ার অন্তত ৩২ জন নাগরিক এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া বিমানটিতে ১৮ জন কানাডীয় নাগরিকও ছিলেন।