রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

শার্লি এবদোর হামলায় জড়িত ফরাসি জঙ্গি জিবুতিতে গ্রেফতার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

শুক্রবার (২১ ডিসেম্বর) ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে জানিয়েছেন, ফরাসি পত্রিকা শার্লি এবদোতে চালানো জঙ্গি হামলায় সহায়তার অভিযোগে এক ফরাসি নাগরিককে আফ্রিকার দেশ জিবুতি থেকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাকে  ফ্রান্সে প্রত্যর্পণের প্রস্তুতি চলছে।

২০১৫ সালে  শার্লি এবদো পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল শেরিফ ও সাইদ কোয়াশি। তাতে প্রাণ হারায় ১২ জন। হামলার দুই দিন পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা মারা যায়। জিবুতিতে আটক হওয়া সংশ্লিষ্ট ফরাসি জঙ্গির নাম পিটার শেরিফ (৩৬)। তার আরেক নাম আবু হামজা। শার্লি এবদোর হামলাকারীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

প্রতিরক্ষামন্ত্রী পার্লে আরটিএল রেডিওকে বলেছেন, ‘এটা খুবই আনন্দের সংবাদ। কারণ এই জঙ্গি শার্লি হে ব দোর হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মাধ্যমে প্রমাণিত হলো, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ একটি দীর্ঘ প্রক্রিয়া এবং যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি তাহলে সাফল্য আসবেই।’

সেই হামলার ঘটনার  কাছাকাছি সময়েই আরেক ঘটনায় ইসলামিক স্টেট সমর্থক জঙ্গি আমেদি কোলিবালি এক নারী পুলিশ সদস্যকে হত্যা করে। সে ইহুদিদের একটি দোকানেও হামলা চালায়। সেই গোলাগুলিতে মারা যায় আরও চারজন। পরে হামলাকারী নিজেও পুলিশের গুলিতে নিহত হয়। সব মিলিয়ে শার্লি এবদো ও দোকানে হওয়া হামলায় ২০ জন মানুষ মারা গিয়েছিল ফ্রান্সে ওই সময়ে।