তিনিই সর্বকালের শীর্ষ ধনী!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
বর্তমান বিশ্বে শ্রেষ্ঠ ধনী আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৩ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। ২০১৯ সালের মার্কিন সাময়িকী ফোর্বস এই তথ্য প্রকাশ করে। আধুনিক কালে তার মতো এতো বেশি সম্পদ কেউই অর্জন করতে পারেননি।
তবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি কিন্তু বেজোস নন। আর তা হওয়ারও সম্ভাবনা নেই। সর্বকালের শীর্ষ ধনী হিসেবে নাম উঠে এসেছে ১৪ শতকের পশ্চিম আফ্রিকার দেশ মালির এক শাসকের। মানসা মুসা নামে তিনি অধিক পরিচিত। মানসা শব্দের অর্থ রাজা।
২০১৫ সালে সম্পত্তিবিষয়ক সাময়িকী মানি ডট কম এক নিবন্ধ প্রকাশ করে। এতে বলা হয়, মানুষ যতটা ভাবতে পারে, তার চেয়েও বেশি ধনী ছিলেন মুসা। ২০১২ সালে মার্কিন ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওয়ার্থের হিসাবে বর্তমান বাজারে আনুমানিক ৪০ হাজার কোটি মার্কিন ডলারের মালিক ছিলেন মুসা। তবে অর্থনৈতিক ইতিহাসবেত্তারা বলেছেন, মুসার সম্পদ কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়।
মুসা ১২৮০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। বড় ভাই আবু-বকরের পর তিনি মালির রাজার দায়িত্বভার গ্রহণ করেন ১৩১২ খ্রিষ্টাব্দে। মুসার শাসনামলে মালি সাম্রাজ্যের ধন-সম্পত্তি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তৎকালীন রাজধানী তিম্বুকতুসহ ২৪টি নগর মিলে ছিল এই সাম্রাজ্য। আটলান্টিক মহাসাগর থেকে আধুনিক কালের নাইজার, বিসাউ, গিনি ও আইভরি কোস্ট পর্যন্ত মুসার সাম্রাজ্য বিস্তৃত ছিল।
সোনা ও লবণই মুসার বেশিরভাগ সম্পদের উৎস। ব্রিটিশ মিউজিয়ামের তথ্য বলছে, মুসার শাসনামলে প্রাচীন বিশ্বের সোনার প্রায় অর্ধেকই মালি সাম্রাজ্যের কুক্ষিগত ছিল। এ সবকিছুরই মালিক ছিলেন রাজা মুসা।
