রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

এবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

আফগানিস্তান থেকে ৫ হাজারেরও বেশি মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ পরিকল্পনার কথা জানিয়েছে। সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার একদিন পর আফগানিস্তান থেকে আংশিক সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানা গেলো।


নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অভিযান শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানে এখনও ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অতীতে ট্রাম্পকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পক্ষে কথা বলতে দেখা গেলেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ প্রশ্নে সুর পাল্টে ফেলেন তিনি। ২০১৭ সালের আগস্টে ট্রাম্প বলেছিলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য সময়সীমা নির্ধারণ করতে তিনি রাজি নন।তার আশঙ্কা, সময়সীমা অক্ষুণ্ন রাখতে গিয়ে বিজয় নিশ্চিত হওয়ার আগেই যদি আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হয় তবে সেখানে শূণ্যতা তৈরি হবে;আর সেটি পূরণ করবে সন্ত্রাসীরা। তবে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে ৫ হাজারেরও বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনা করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, এরইমধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং এ ব্যাপারে পরিকল্পনা শুরুর জন্য মৌখিকভাবে নির্দেশও দেওয়া হয়েছে। এখন সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে আলোচনা হচ্ছে এবং কয়েক সপ্তাহ কিংবা মাসের মধ্যে সেনা প্রত্যাহার হতে পারে।

রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গ্যারেট মারকুইস বলেছেন, ‘ভবিষ্যত কৌশলগত বিষয়’ নিয়ে হোয়াইট হাউস কথা বলবে না।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, আফগানিস্তানে মার্কিন সেনার উপস্থিতি নিয়ে সম্প্রতি ট্রাম্প ব্যক্তিগতভাবে বিরক্ত হয়ে উঠেছেন। বুধবার এক সহযোগীকে তিনি বলেছেন, ‘আমরা সেখানে কী করছি? এতোগুলো বছর ধরে আমরা সেখানে পড়ে আছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র মনে করে, আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে ট্রাম্প ‘তার ধৈর্য্য পুরোপুরি হারিয়ে’ ফেলেছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) সিরিয়া থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার পোস্টে তিনি বলেন,‘আমরা সিরিয়ায় আইএস-কে পরাজিত করেছি। ট্রাম্পের প্রেসিডেন্সিতে শুধু আইএস-কে হটানোর জন্যই তাদের সেখানে (সিরিয়া) রাখা হয়েছিল।’ আরেকটি টুইটেট্রাম্প লিখেছেন, ‘আইএসের বিরুদ্ধে ঐতিহাসিক জয়লাভের পর এখন আমাদের মহান তরুণদের বাড়িতে নিয়ে আসার সময় হয়েছে।’