বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি উ. কোরিয়ার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৯ এএম, ১০ মার্চ ২০১৯ রোববার

উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কিংবা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপনের প্রস্তুতি নিয়ে থাকতে পারে বলে দাবি করেছে মার্কিন রেডিও নিউজ চ্যানেল এনপিআর। উপগ্রহ থেকে নেয়া রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ‘সানুমডং’ এর ছবি পর্যালোচনা করে এনপিআর ওই দাবি করেছে।

 

সানুমডং থেকে এর আগে উত্তর কোরিয়া একাধিকবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে। সম্প্রতি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার কয়েকদিন আগে ওই ছবি গ্রহণ করা হয়।

এর আগে উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা কেন্দ্র সংস্কার করছে- স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে এমন দাবি করে বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম।

অপরদিকে ভিয়েতনামের হ্যানয়ে ব্যর্থ বৈঠকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছে উত্তর কোরীয় জনগণ। গত শুক্রবার এমন কথা জানিয়ে প্রথমবারের মতো প্রতিবেদন প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত দৈনিক রডং সিনমুন।

হ্যানয় বৈঠক ব্যর্থ হওয়ার ফলে উত্তর কোরিয়ার জনগণ আর কোনোদিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করে রডং সিনমুন।