রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা অভিযানের সময় বন্দুকযুদ্ধে ৬ জঙ্গি নিহত হয়েছে। শনিবার দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, নিহত জঙ্গিরা কাশ্মিরে আল-কায়েদার শাখা আনসার গাজওয়াতুল হিন্দ-এর সঙ্গে জড়িত।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, নিহতদের মধ্যে কাশ্মির আল-কায়েদার উপ-প্রধান জাকির মুসার ঘনিষ্ঠ এক সহযোগী রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ আরামপোরা এলাকায় যৌথ অভিযান শুরু করে। একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা তখন পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় বন্দুকযুদ্ধে ছয় জঙ্গি নিহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া নিশ্চিত করেছেন ছয় জঙ্গি নিহত হওয়ার বিষয়ে। তিনি জানান, জঙ্গিদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস আরও জানান, পুলওয়ামা জেলায় মোবাইল সেবা বন্ধ রয়েছে। শ্রিনগর ও বানিহাল ট্রেন যোগাযোগও বাতিল করা হয়েছে।