বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

যুক্তরাষ্ট্র, কানাডার ২৭ বিশ্ববিদ্যালয়ে চীনা হ্যাকারদের হামলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

যুক্তরাষ্ট্র ও কানাডার দুই ডজনেরও বেশি বিশ্ববিদ্যালয়ে সাইবার হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। সমুদ্র ও জাহাজ চালনা বিষয়ক  গুরুত্বপূর্ণ সামরিক গবেষণা চুরি করতে তারা এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।

 

এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হাওয়াই, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি।

সাইবার নিয়াপত্তা বিষয়ক প্রতিষ্ঠান আইডিফেন্সের একটি প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে বলে জানায় মার্কিন সাময়িকী দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

একই সঙ্গে কানাডা ও দক্ষিণপূর্ব এশিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়েও হামলা চালিয়েছে হ্যাকাররা। সাইবার হামলার শিকার সবগুলো বিশ্ববিদ্যালয়ই পানির নিচে ব্যবহারযোগ্য প্রযুক্তি বা এই সংক্রান্ত গবেষণা পরিচালনা করে।

হ্যাকাররা ওইসব বিশ্ববিদ্যালয়ের অংশীদার কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ই-মেইলের রূপ ধরে ভাইরাস প্রেরণের চেষ্টা করে, বলা হয় মঙ্গলবারের প্রতিবেদনে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ার আইয়ের মতে, তথ্য সংগ্রহের জন্য চীন বৃহত্তর যে উদ্যোগ গ্রহণ করেছে তার একটা অংশ হচ্ছে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য চুরি করা।

এপিটি৪০ নামের একটি হ্যাকার দল সম্পর্কে গবেষণার সময় তারা দেখতে পায়, ওই দলটি যুক্তরাষ্ট্রের সমুদ্র ও জাহাজ বিষয়ক গবেষণা প্রকল্পগুলোর লক্ষ্য করে হামলা চালায়। ইঞ্জিনিয়ারিং এবং সমুদ্র বিষয়ক শিল্পক্ষেত্র হ্যাকারদের বৃহত্তর লক্ষ্য।

সম্প্রতি হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়াংঝুকে যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেফতার করে কানাডা। ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ উপেক্ষা এবং ব্যাংক জালিয়াতিসহ প্রায় দুই ডজন অভিযোগ মেং ও হুয়াওয়ের বিরুদ্ধে এনেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও কানাডা এবং চীনের মধ্যে সম্পর্কের উত্তেজনা দেখা দেয়ার মধ্যেই এমন সময়ে এই সাইবার হামলার খবর পাওয়া গেল।

ওয়াংঝুর নাগরিক অধিকার লঙ্ঘন করা হয়েছে এই অভিযোগে গত শুক্রবার কানাডার বিরুদ্ধে মামলা করেছেন তিনি।