ভারতে পাখির আঘাতে মিগ-২১ বিধ্বস্ত!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২১ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার
ভারতের বিমান বাহিনীর অহঙ্কার মিগ বহরের আরো একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার মিগ-২১ বাইসন মডেলের একটি বিমান উত্তরাঞ্চলীয় রাজস্থান প্রদেশের বিকেনার শোভা সার কি ধানি এলাকায় বিধ্বস্ত হয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, একটি পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। - খবর এনডিটিভি’র।
তিনি আরো জানান, রুটিন অনুযায়ী মিগ-২১ বিমানটি উড্ডয়ন করেছিল। তবে উড্ডয়নের কিছু পরেই তাতে সমস্যা দেখা দেয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জম্মু-কাশ্মীরের বাদগামে গ্যারেন্ট কালান গ্রামের পাশে একটি খোলা জমিতে এম-আই ১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে এ দুর্ঘটনাটি ঘটল। ওই সময় বিমানবাহিনীর ছয়জন ও একজন বেসামরিক লোক নিহত হন।
এর আগে পাকিস্তানের আজাদ কাশ্মীরে হামলা চালাতে গিয়ে দেশটির বিমান বাহিনীর পাল্টা প্রতিরোধের মুখে পড়ে দুটি মিগ-২১ বিমান হারিয়েছিলো ভারত। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বিমান দুটি বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রায় ৩৫০ কোটি রুপির ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় পরিমাণটি দাঁড়ায় ৪২০ কোটি টাকার কিছু বেশি।
কাশ্মীরের পুলওয়ামায় গেল ১৪ ফেব্রুয়ারি এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে সিআরপিএফ বাহিনীর ৪৪ সদস্য। ভারত সে ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান ওই অভিযোগ প্রত্যাখ্যান করে শান্তির প্রস্তাব দেয়। তবে এ সতর্কতাও জানায়, ভারতের পক্ষ থেকে হামলা হলে তারাও এর সমুচিত জবাব দেবে।
পুলওয়ামার ঘটনার ১২ দিন পর গত মঙ্গলবার ভারত এলওসি অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে হামলা চালায়। ভারত দাবি করে, তাদের এই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো কয়েকটি ঘাঁটি বিধ্বস্ত করে দেয়া হয়েছে। এতে ৩০০-৩৫০ লোক নিহত হয়েছেন। পাকিস্তান ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করলেও তাদের এ ধরনের হামলা বা হতাহতের কথা অস্বীকার করে। কিন্তু তারা এ-ও জানায়, আত্মরক্ষার অধিকার তাদের আছে। সুতরাং সময় হলেই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।
ভারতের ওই অভিযানের পরের দিন পাকিস্তান ভারতের ভূখণ্ডে গিয়ে একটি সেনা ছাউনির কাছে বোমা বর্ষণ করে। পাল্টা জবাবে ভারতের কয়েকটি যুদ্ধবিমান আবার পাকিস্তানে ঢুকে পড়ে। পাকিস্তান এবার ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি জানিয়ে বলে, এ ঘটনায় একজন পাইলটকে আটক করেছে। ভারত প্রথমে পাকিস্তানের এ দাবি অস্বীকার করলেও ওই পাইলটের ছবি ও ভিডিও প্রকাশের পর ইসলামাবাদের এ দাবি মেনে নিতে বাধ্য হয় নয়াদিল্লি।
১৯৭১ সালের পর এটাই দুই দেশের বিমানবাহিনীর মধ্যে পাল্টা-পাল্টা হামলার প্রথম ঘটনা। পাকিস্তানের সেনাবাহিনী ভারতের যে দুটি বিমান ভূপাতিত করেছে বলে জানায়, সেগুলো ছিল মিগ-২১ মডেলের বিমান। পশ্চিমা বিশ্ব এগুলোর নাম দিয়েছে ‘ফিশবেড’। ১৯৫০ সালে প্রথম এর নকশা করে মিকোয়ান। রাশিয়া ও চীনের পর ভারতই সবচেয়ে বেশি এ মডেলের বিমান ব্যবহার করে থাকে।
১৯৬৫ সালের যুদ্ধে ভারত সীমিত পর্যায়ে পাকিস্তানে তাদের তাদের মিগ-২১ যুদ্ধবিমানের পরীক্ষা চালায়।
১৯৬১ সালে ভারতের বিমানবাহিনী (আইএএফ) মিগ-২১ কেনার সিদ্ধান্ত নেয় এবং ১৯৬৪ সালে এটি আইএএফে প্রথম সুপারসনিক যুদ্ধবিমান হিসেবে যুক্ত হয়। আর ২৫-৩০০ টার্বোজেটের ইঞ্জিনে এ বিমানগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় এক হাজার ৩৫০ মাইল। আইএএফে বর্তমানে ১২০টি এ মডেলের বিমান রয়েছে।
কিছুটা আগের আমলের নকশায় নির্মিত হলেও মিগ-২১ হামলার ক্ষেত্রে খুবই উপযোগী। এই বিমানটিতে টার্গেটে হামলা করে কারো হাতে ধরা না পরে ফিরে আসার মতো গতি ও যোগ্যতা রয়েছে। অনেক সুবিধা থাকার পরও ভারতের এ যুদ্ধবিমানগুলোকে এক সময় ‘উড়ন্ত কফিন’ নামেও আখ্যা দেয়া হতো। এ বিমানে পাঁচ শতাধিক দুর্ঘটনা এবং ২০০ পাইলট নিহত হওয়ার পর এ নাম দেয়া হয়েছিল।
১৯৫০ সালে এটি নির্মাণের সময় দাম ছিল ২৯ লাখ ডলার। বর্তমানে এর দাম আড়াই কোটি ডলারের সামান্য বেশি। ফলে পাকিস্তানের ভূপাতিত দুটি মিগ-২১ হারিয়ে পাঁচ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫৬ কোটি রুপি) ক্ষতির মুখে পড়েছে ভারত।
