সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১১ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

কাদেরের রক্তচাপ স্বাভাবিক, ইনফেকশন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। হাসপাতালের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামি’কে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসার রিজভী বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে।

আবু নাসার রিজভী জানান, মন্ত্রী ওবায়দুল কাদের আগের দিনের তুলনায় আজ আরও ভালো আছেন এবং দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এ ছাড়া কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া কাদেরের হৃদ্‌যন্ত্র কাজ করছে। তিনি কাদেরের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এর আগে চিকিৎসক সামি চিকিৎসার অগ্রগতি নিয়ে আজ ব্রিফ করেন। ব্রিফিং এ উপস্থিত ছিলেন কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।

শনিবার স্থানীয় সময় সকাল এগারোটায় মেডিকেল বোর্ডের প্রধান ফিলিপ কোহ চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানাবেন।