বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

থাই রাজকুমারীকে মনোনয়ন দিয়ে বিলুপ্ত হলো দল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

প্রথা ভেঙ্গে থাই রাজকুমারী উবোলরাতানা মাহিদলকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দেশটির রাজনৈতিক দল রাকসা চার্ট পার্টি’কে।

বৃহস্পতিবার এক রায়ে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থিত এ দলটিকে বিলুপ্ত ঘোষণা করে। - খবর বিবিসি’র

দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে রাজকুমারী উবোলরাতানা মাহিদলকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়ে ব্যাপক হইচই ফেলে দিয়েছিল রাকসা চার্ট পার্টি। তবে পরবর্তীতে রাজা ভাজিলারংকর্ণ ও রাজপরিবারের সমালোচনার মুখে পড়ে পরে অবশ্য ওই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।
 
রাজার বোনকে মনোনয়ন দিয়ে রাজপরিবারের নিরপেক্ষতাকে ঝুঁকির মুখে ফেলায় রাকসা চার্ট পার্টি বিপদে পড়তে পারে বলে আগেই অনুমান করা হচ্ছিল।

২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থিত এ দলকে চলতি মাসের ২৪ তারিখ অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের অন্যতম মূল প্রতিদ্বন্দ্বিতাকারী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সেই সম্ভাবনাকে দূরে ঠেলে দিল। নির্বাচনে জিততে হলে থাকসিনের সমর্থকদের এখন নতুন কোনো পার্টি খুলতে হবে বা বিদ্যমান কোনো দলকে সমর্থন দিতে হবে।

বৃহস্পতিবারের রায়ে রাকসা চার্ট পার্টির নির্বাহী কর্মকর্তাদের ১০ বছরের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধও করা হয়েছে।

এ রায় প্রসঙ্গে বিচারক নাখারিন ম্যাকত্রাইরাত বলেন, রাজপরিবারের স্থান রাজনীতির ওপরে; তাদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা উচিত। রাজা, রানি এবং রাজকুমারীরা কখনো ভোট দেয়ার রাজনৈতিক অধিকারেরও চর্চা করেন না।
 
রাজকন্যা উবোরাতানার সমর্থন ২৪ মার্চের নির্বাচনে থাকসিনকে অনেকদূর এগিয়ে দিয়েছিল। থাই রাকসা পার্টিকে মূলত পিউ থাই পার্টির ছায়া হিসেবেই বিবেচনা করা হত। এ পিউ-থাই পার্টিই মূলত থাকসিনপন্থিদের দল।

নির্বাচিত সরকারকে উৎখাত করে ৫ বছর আগে সেনা অভ্যুত্থানে ক্ষমতায় বসা প্রায়ুথ-চান ওচার অধীনে এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২০১৭ সালে গৃহীত দেশটির সর্বশেষ সংবিধান অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া দলগুলো সর্বোচ্চ কী পরিমাণ আসন জিততে পারবে তার একটি সীমারেখাও নির্ধারণ করে দেয়া হয়েছে।