এক উৎসবে জয়ার দুই চলচ্চিত্র
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
জানুয়ারির ১০ তারিখ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। যেখানে আটটি বিভাগে দেখানো হবে বিশ্বের নামিদামী নির্মাতার বহু চলচ্চিত্র। এই উৎসবে দর্শকরা দেখতে পারবেন জয়া আসহান অভিনীত দুটি চলচ্চিত্র।
চলচ্চিত্র দুটি হচ্ছে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর ‘এক যে ছিলো রাজা’ ও বাংলাদেশের প্রেক্ষাগৃহে সাড়া জাগানো অনম বিশ্বাসের ‘দেবী’!
এরই মধ্যে ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে স্থান করে নিয়েছে সৃজিত মুখার্জীর আলোচিত ছবি ‘এক যে ছিলো রাজা’। গাজীপুরের ভাওয়াল রাজাকে নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন জয়া আহসান। দুর্গা পূজা উপলক্ষে কলকাতায় ছবিটি মুক্তি পেয়েছিল।
অন্যদিকে সাড়া জাগানো ‘দেবী’ দেখানো হবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে। খবরটি নিশ্চিত করেছেন ফেস্টিভাল ডিরেক্টর আহমেদ মুজতাবা জামাল।
এদিকে ‘এক যে ছিলো রাজা’র নির্মাতা সৃজিত মুখার্জী আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। এই উৎসবে তার ‘এক যে ছিলো রাজা’ প্রতিযোগিতা বিভাগে থাকলেও আরেক ছবি ‘উমা’ আছে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’-বিভাগে।
