মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৮ মুহররম ১৪৪৮

কাশ্মীরে ফের গোলাগুলি, নিহত ৪

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৯ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

বিমান হামলা চালাতে গিয়ে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ফিরিয়ে দেয়ার দিনে শুক্রবার রাতে কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ করেছে ভারত ও পাকিস্তান। এতে ভারতে তিনজন ও পাকিস্তানে একজন নিহত হয়েছেন বলে দাবি করছে দু'দেশ। 

 

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানের ছোঁড়া গোলার আঘাতে একই পরিবারের তিনজন নিহত ও অনেকে আহত হয়েছেন। নিহত দুই শিশুর নাম ফাযান (৫) ও নয় মাস বয়সী শবনম। নিহত তাদের মায়ের নাম রুবানা কসার (২৪)। 

অপরদিকে পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, ভারতীয় গোলার আঘাতে কাশ্মীরের এক তরুণ নিহত ও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। 

 

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার জেরে গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। ২৭ ফেব্রুয়ারি সকালে নিজেদের সীমানায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনে সদিচ্ছার প্রতীক হিসেবে শুক্রবার সন্ধ্যায় তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত জানান। শুক্রবার রাতে ওই পাইলটকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করে পাকিস্তান।