বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

ঝুলন্ত অজগর গিলে খেল বিশাল পাখিকে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

বাড়ির ছাদে টিভির অ্যান্টেনা থেকে ঝুলে রয়েছে প্রকাণ্ড এক অজগর। ঝুলে থাকা অবস্থায়ই বিশাল একটি পাখিকে গিলে খেয়েছে সাপটি।

 

এই ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অস্ট্রেলিয়ার বাসিন্দা ক্যাথি গল। তিনি জানিয়েছেন, গত সপ্তাহের ঘটনা এটি। বাড়ির ছাদে উঠেছিলেন তিনি। ছাদে গিয়ে যা দেখলেন, সেই ভয়ানক দৃশ্য কোনদিনও ভুলবেন না।

 

ক্যাথির শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, একটি বিশাল অজগর একটি বড় পাখি শিকার করছে। আস্তে আস্তে পাখিটিকে গিলে খাচ্ছিল ওই কার্পেট পাইথন। পুরো দৃশ্যটিই ক্যাথি ভিডিও করেছেন। তিনি একটি ফেসবুক গ্রুপে এই ভিডিও পোস্ট করার পর পরই তা ভাইরাল হয়ে যায়।

 

এবিসি নিউজকে ক্যাথি বলেন, আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভাবতেই পারছিলাম না ওটা একটা আস্ত অজগর। তিনি বলেন, পুরো পাখিটা গিলে খেতে সাপটার ঘণ্টা চারেক সময় লেগেছে। ভিডিওটি পোস্ট করার সময় তিনি ক্যাপশনে লেখেন, জীবনে এমন দৃশ্য আগে দেখিনি। আমাদের অ্যান্টেনাতে ঝুলন্ত অজগর একটি কুরাওং পাখিকে গিলে খাওয়ার চেষ্টা করছে।

অনলাইনে এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। অনেকেই অনেক মন্তব্যও করেছেন। এই ভয়ানক দৃশ্যের প্রতিক্রিয়ায় একজন লিখেছেন, ওহ, কী ভয়ানক দৃশ্য। কেউ কেউ আবার বিশ্বাসই করতে পারছেন না বলেও মন্তব্য করেছেন।