রাস্তা, মশা ও মাদক নির্মূলে গুরুত্ব: আতিকুল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার
রাস্তা সংস্কার, মশা নিধন ও মাদকমুক্ত ঢাকা গড়াকে নিজের প্রাথমিক কর্মতালিকায় স্থান দিতে চান বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বেসরকারিভাবে নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, এ পদে যেই থাকুন, গৃহীত পরিকল্পনা সময়ের সঙ্গে চলার ব্যাপারে গুরুত্ব দিতে হবে।
শুক্রবার সকাল থেকেই নব নির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় নতুন পদে আসীন হওয়ার প্রতিক্রিয়াও জানতে চান সাংবাদিকরা।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রায় পনের মাস পর নির্বাচিত নগরকর্তা পেলো। উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হন। নির্বাচন কমিশন বলছে, বৈরী আবহাওয়া সত্ত্বেও ভোট পড়েছে ৯ লাখ ২৩ হাজার ২৬ ভোট। যা মোট ভোটের ৩১ শতাংশের কিছু বেশি।
এতে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পান, ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।
বিশিষ্টজনরা বলছেন, প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করাসহ উত্তর ঢাকায় যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডও বড় চ্যালেঞ্জ হিসেবে থাকছে এই নতুন এই মেয়রের সামনে।
এক বছরের মেয়াদে হাজারো সমস্যার রাজধানীকে একটি গোছানো অবস্থায় রেখে যাবার আশাবাদ জানান আতিকুল ইসলাম।
