মোদিকে ফোন করেছিলেন ইমরান খান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার
কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলার ঘটনার পর থেকে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি জবাবে উত্তেজনা বেড়েই চলেছে। দু’দেশে বিরাজমান এ উত্তেজনা প্রশমনে কথা বলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু টেলিফোনে সংযোগ না পাওয়ায় কথা বলতে পারেননি তিনি।
বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ইমরান নিজেই এ তথ্য জানান। খবর- আল-জাজিরা।
কাতারভিত্তিক এ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, ইমরান খান বলেছেন, ‘আমি বুধবার রাতে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম (কিন্তু ব্যর্থ হই)। তাকে বলতে চেয়েছিলাম আমরা (পাকিস্তান) কোনো ধরনের অস্থিরতা চাই না।’
একই অধিবেশনে ইমরান জানান, শুক্রবার তার দেশ ভারতীয় পাইলটকে মুক্তি দেবে।
এদিকে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলতে চান ইমরান খান। মোদির সঙ্গে কথা বলে তিনি (ইমরান) শান্তির প্রস্তাব দিতে চান।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলায় অন্তত ৪২ জন ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ান নিহত হন।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে বলে ভারতের দাবি।
এর জবাব দিতেই গত মঙ্গলবার ভোরে পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালায় ভারত। ভারতের দাবি- ওই অভিযানে ৩০০ জঙ্গি নিহত হয়।
তবে ভারতের দাবি নাকচ করে আসছে পাকিস্তান। এরপর মঙ্গলবার দিনের প্রথম দিক থেকে বুধবার পর্যন্ত দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটে। এতে পরস্পরের দাবি অনুযায়ী ভারতের দুটি ও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর মধ্যে অভিনন্দন নামে একজন ভারতীয় পাইলট পাকিস্তান সেনাদের হাতে আটক হন।
