এক হয়ে যুদ্ধ জয় করবে ভারত: মোদি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
চলমান পাক-ভারত উত্তেজনার মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজ দল বিজেপির প্রায় ১ কোটি সমর্থকের উদ্দেশ্যে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে ভাষণ প্রদান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি আয়োজিত ‘আমার বুথ, সবচেয়ে মজবুত’ নামক বিশ্বের সবচেয়ে বড় এ ভিডিও কন্ফারেন্স আয়োজনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সরকার বিরোধী দলগুলো। তারা বলেছে, মোদির এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত না হয়ে পাক-ভারত সঙ্কট মোকাবিলায় ব্যস্ত হওয়া উচিত। - খবর এনডিটিভি’র।
নিজ দলের সমর্থক ও নেতা কর্মীদের উদ্দেশ্যে দেয়া এ ভাষণে মোদি বলেন, ভারত এক হয়ে দাঁড়াবে, এক হয়ে কাজ করবে, এক হয়ে বেড়ে উঠবে, এক হয়ে যুদ্ধ করবে ও এক হয়েই জয়লাভ করবে।
তিনি আরো বলেন, শত্রুপক্ষ যখন সন্ত্রাসবাদ সমর্থণ করে ও ভারতের বিরুদ্ধে কাজ করে, এর অর্থ হলো তারা ভারতের উন্নতি বাধাগ্রস্ত করতে চায়। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা একত্রে ও একতাবদ্ধ হয়ে দাঁড়াব।
মোদি বলেন, আমাদের সেনাদের পাশে দাঁড়াবো নিশ্চিত করতে যে আমরা শক্তিশালী, আরো নিশ্চিত করতে যে, যাই হোক না কেন, আমাদের উন্নতি ও সফলতা কোনভাবেই থমকে যাবে না।
