ভারতগামী ট্রেন সার্ভিস বন্ধ করলো পাকিস্তান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
কাশ্মীর নিয়ে সীমান্ত নিয়ে উত্তেজনার জেরে ভারতগামী ট্রেন সার্ভিস বন্ধ করে দিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার সকাল ৮টায় পাকিস্তানের লাহোর থেকে পাঞ্জাবের অমৃতসারের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল সমঝোতা এক্সপ্রেসের। কিন্তু ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও পাকিস্তানের ডনের অলনাইন ভার্সনের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
নিরাপত্তা নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনার মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ট্রেন সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের রেল মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হন। এই হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করে দেশটি। বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করে পাকিস্তান সেনারা। জবাবে ভারত পাকিস্তানের দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করে। সব মিলিয়ে দু'দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
