সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
এখনো উত্তপ্ত ভারত-পাকিস্তান। আতঙ্কে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের গ্রামবাসী। এ কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে রাখতে পাকিস্তান সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত। খবর রয়টার্স ও ডেইলি মেইল।
সোমবার রাতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকত শহরে জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের বেশ কয়েকটি ঘাঁটিকে লক্ষ্য বিমান হামলা চালানোর পর উত্তেজনা আরো বাড়তে থাকে। এরপর বুধবার পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে আটক হয় ভারতীয় বিমান বাহিনীর এক পাইলট। এরপর থেকে থমকে আছে পুরো পরিস্থিতি। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহ থেকেই ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অসংখ্য বাঙ্কার নির্মাণ করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে যেকোনো যুদ্ধ বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে বাসিন্দাদের যাতে স্থানান্তর না করেই নিরাপদে সেখানে রাখা যায় তাই এই ব্যবস্থা। মূলত এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কমাতেই এমন সিদ্ধান্ত।
অন্যদিকে ডেইলি মেইল বলছে, এটি ভারতের যুদ্ধের অন্যতম প্রস্তুতি। তারা বাঙ্কার তৈরী করে নিজেদেরকে প্রস্তুত করছে।
পাকিস্তানের দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে এ নিয়ে তারা একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে।
