যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন: ইমরান খান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ভারতের এয়ার স্ট্রাইকের পর তড়িঘড়ি বৈঠকে বসে পাকিস্তানের প্রশাসনিক ও সেনাবাহিনীর কর্তারা। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন সেই বৈঠকের নেতৃত্বে। বৈঠকে তিনি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।
হামলার পর জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন ইমরান। বৈঠকের পর পাকিস্তানের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ভারত অকারণে আগ্রাসন দেখিয়েছে। পাকিস্তান নিজের ঠিক সময়ে ও ঠিক জায়গায় এর জবাব দেবে। তাই যে কোনো অবস্থার জন্য পাক সেনা ও পাকিস্তানের সাধারণ মানুষকে তৈরি থাকতে বলেছেন তিনি।
মঙ্গলবার দুপুরেই ইমরান খানের দফতরে বসে সেই বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন- পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া, পাক সেনার মুখপাত্র আসিফ গফুরসহ একাধিক শীর্ষকর্তা।
এ বৈঠকে প্রত্যেকেই বালাকোটের ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে। তাদের দাবি, ভারত নিজেদের স্বার্থে মিথ্যা দাবি করছে। ইমরান খানের দাবি, ভারত নির্বাচনের স্বার্থে এসব প্রচার করছে। ভারতের এ অভিযান যে আসলে হয়নি, সেটা বোঝাতে পাকিস্তান অন্যান্য দেশের সঙ্গে কথা বলবে বলেও জানিয়েছে।
পুলওয়ামায় জঙ্গি হানার দু’সপ্তাহের মধ্যেই প্রতিশোধ নিল ভারত। বিমান বাহিনীর এ হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি ভারতের।
ভারতের সেনাবাহিনীর এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, ভারতের এমন প্রত্যাঘাতের আশঙ্কা আগে থেকেই ছিল৷ তবে ভারতের এ পদক্ষেপে পাকিস্তানের জবাব দেয়ার অধিকার আছে, এমন হুমকিও দেন তিনি৷
