বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

ভারত-পাকিস্তানকে শান্ত হওয়ার আহ্বান ইইউ, চীন ও অস্ট্রেলিয়ার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ভারতীয় বিমানবাহিনীর বোমা হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে চলমান টান টান উত্তেজনা প্রশমনে উভয় দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

 

এছাড়া চীন ও অস্ট্রেলিয়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার পরমাণু শক্তিধর এ প্রতিবেশী দেশ দু’টিকে তাদের সর্বোচ্চ সংযম পালনের আহ্বান জানিয়েছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারত-পাকিস্তানে চলমান উত্তেজনা কমাতে উভয় দেশকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।

 

মঙ্গলবার নয়াদিল্লি এবং ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা আশা করি ভারত আর পাকিস্তান উভয়ই সংযত হয়ে সমঝোতার চর্চা করবে। যা দেশ দুটির মধ্যে উত্তেজনা কমিয়ে একটা স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক। আর এর মাধ্যমেই তাদের দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটবে।

অস্ট্রেলিয়া সরকারও ভারত-পাকিস্তান উভয় দেশকেই শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে তারা পাকিস্তান সরকারকে তাদের দেশে থাকা সন্ত্রাসের বিরুদ্ধে ‘জরুরি’ ও ‘প্রয়োজনীয়’ ব্যবস্থাগ্রহণের আহ্বান জানিয়েছে। 

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদের ছয়টি ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাডকে লক্ষ্য করে ভারতীয় বিমান বাহিনী ১ হাজার কেজি পরিমাণ ছোঁড়ে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, এ হামলায় পাকিস্তানে অন্তত ২০০-৩০০ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ এ হামলায় কোনো প্রাণহানীর কথা অস্বীকার করলেও তারা সীমান্ত রেখা অতিক্রম করে ভারতের বিমান বাহিনীর পাকিস্তানে হামলার তীব্র সমালোচনা করেছে।

 

এ হামলার ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি বলেছেন, ভারতের বিমান বাহিনীর হামলার যথাযথ জবাব দিতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত রয়েছে। পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর সাহস ভারতের না দেখানোই উচিত। এ ঘটনার জবাব দেয়ার অধিকার পাকিস্তানের আছে। পাকিস্তান জবাব দেবে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় তার দেশের সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতিতে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। 

গেল ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের গাড়ি বহরে জইশ-ই-মোহাম্মদ হামলা চালালে অন্তত ৪০ জন সেনা নিহত হয়। তারপর থেকেই পাকিস্তানে হামলার হুমকি দিয়ে আসছিল ভারত। সেই হামলার ১২ দিন পর পাল্টা হামলা চালালো ভারত।