বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

ভারত-পাকিস্তান সামরিক শক্তিতে কে এগিয়ে?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় হামলায় ৪০ জনের বেশি নিরাপত্তা রক্ষী নিহত হওয়ার পর ‘লাইন অব কন্ট্রোল’ অতিক্রম করে পাকিস্তানের সীমানার ভিতরে বিমান হামলা করেছে ভারত। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলায় পাকিস্তানের ভিতরে বহু মানুষ নিহত হয়েছে। তবে নিহতরা সবাই জঙ্গি। আর পাকিস্তানের দাবি, তারা এসব হামলা ঠেকিয়ে দিয়েছে।

 

জঙ্গি হামলার ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে চলছে টানটান উত্তেজনা। দুই দেশই পারমাণবিক অস্ত্রধারী দেশ। কিন্তু প্রতিবেশী এই দুই বৈরী দেশের সামরিক শক্তি কার কেমন রয়েছে?

গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী, সামরিক শক্তির দিক থেকে বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ, অন্যদিকে পাকিস্তানের অবস্থান সতেরোতম।

পাকিস্তানের সৈন্য সংখ্যা ৯ লাখ ১৯ হাজার হলেও ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা কয়েকগুণ বেশি প্রায় ৪২ লাখ। ভারতের মোট সামরিক বিমান রয়েছে ২,১৮৫টি, আর পাকিস্তানের রয়েছে ১,২৮১টি। এসবের মধ্যে ভারতের যুদ্ধবিমান ৫৯০টি আর পাকিস্তানের ৩২০টি। পাকিস্তানের সামরিক হেলিকপ্টার রয়েছে যেখানে ৩২৮টি, সেখানে ভারতের কাছে রয়েছে ৭২০টি। তবে পাকিস্তানের আক্রমণকারী বা অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে ৪৯টি, যেখানে ভারতের আছে মাত্র ১৫টি। পাকিস্তানের মোট ট্যাংকের সংখ্যা ২,১৮২টি হলেও ভারতের রয়েছে ৪,৪২৬টি। ভারতের সাঁজোয়া যান রয়েছে ৩,১৪৭টি, আর পাকিস্তানের ২,৬০৪টি।

গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় স্বয়ংক্রিয় অস্ত্রের দিক বিবেচনায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের ১৯০টি এ ধরনের অস্ত্র থাকলেও পাকিস্তানের রয়েছে ৩০৭টি। তবে টেনে নিয়ে যাওয়া যায়, এমন আর্টিলারি ভারতের আছে ৪,১৫৮টি, সেখানে পাকিস্তানের  মাত্র ১,২৪০টি।

ভারতের নৌবাহিনীর কাছে মোট যুদ্ধযান রয়েছে ২৯৫টি আর পাকিস্তানের আছে ১৯৭টি। ভারতের কাছে ১৬টি সাবমেরিন আছে আর পাকিস্তানের আছে পাঁচটি। ইনডেক্স অনুযায়ী, সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে রাশিয়া, চীন এবং ভারত। তবে সংস্থাটি রিপোর্টে কোন দেশের কাছে কতটি পারমাণবিক অস্ত্র আছে তা উল্লেখ করেনি।