মার্কসের বিনিময়ে সেক্স: বিশ্ববিদ্যালয় শিক্ষকের কারাদণ্ড
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
এক ছাত্রীকে পরীক্ষায় পাশ মার্ক দিতে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চাওয়ায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে কারাদণ্ড দিয়েছে নাইজেরিয়ার আদালত।
বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির ক্যাম্পাসগুলোতে ‘অহরহ’ যৌন হয়রানীর ঘটনা ঘটে বলে মন্তব্য করেছে আদালত। এটা বন্ধ করতে সম্প্রতি একটি ঐতিহাসিক রুল জারি করা হয়েছে, যার প্রেক্ষিতে আদালত সোমবার এই রায় দেয়।
সাজাপ্রাপ্ত শিক্ষক রিচার্ড আকিনডেলে ওবাফেমি আওলোও ইউনিভার্সিটির লেকচারার।
দুর্নীতি ও যৌন হয়রানীর দায়ে দোষী সাব্যস্ত করে ওসোগবোর ফেডারেল হাই কোর্টে বিচারক মরিন ওনিয়েতেনু এই রায় ঘোষণা করেন।
‘এই ধরনের ঘটনা আমাদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে অহরহ ঘটছে। আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাই আর ওরা ফিরে এসে আমাদের জানায় যে শিক্ষকরা তাদের সঙ্গে বিছানায় যেতে চাইছে,’ মন্তব্য করেন বিচারক ওনিয়েতেনু।
আকিনডেলে বিরুদ্ধে আনিত চারটি অভিযোগের ক্ষেত্রেই তিনি দোষী প্রমাণিত হয়েছেন। তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
‘এভাবে চলতে পারে না। আমাদের এ বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করা উচিৎ। এমনকি প্রাইমারি স্কুলের বাচ্চারাও এই বিষয়ে অভিযোগ করছে,’ বলেন ওনিয়েতেনু।
‘আদালতের উচিৎ শিশুদের, বিশেষ করে ছাত্রীদের অধিকার সমুন্নত রাখা। এরকম ঘটনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে,’ যোগ করেন তিনি।
ম্যানেজমেন্ট ও একাউন্টিংয়ের শিক্ষক আকিনডেলের বিরুদ্ধে প্রথম অভিযোগ পাওয়া যায় এপ্রিল মাসে। তার একজন ছাত্রী একটি রেকর্ডিংসহ অভিযোগ করে। রেকর্ডিং থেকে জানা যায় ওই শিক্ষকের সঙ্গে না শুলে ওই ছাত্রীকে ফেল করিয়ে দেয়ার হুমকি দিয়েছেন আকিনডেলে।
জুন মাসে আকিনডেলে গ্রেফতার ও চাকরীচ্যুত করা হয়।
‘মার্কসের জন্য সেক্সের’ এই মামলা গোটা নাইজেরিয়াতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সেখানে যৌন হয়রানী একটি ব্যাপক সমস্যা, কিন্তু এটি নিয়ে প্রকাশ্যে কোনও কথা হয় না।
