সিরিয়া থেকে দ্রুত সেনা সরাতে চান ট্রাম্প
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীকে পুরোপুরি দমন করা সম্ভব হয়েছে, আর এ কারণে দেশটি থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেনা সরানোর প্রক্রিয়া দ্রুতই শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ট্রাম্প।
টুইটে ট্রাম্প লিখেছেন, ‘সিরিয়ায় আমরা আইএসকে দমন করেছি। প্রেসিডেন্ট হওয়ার পর ওখানে সেনা মোতায়েন রাখার একমাত্র কারণ ছিল সেটাই।’
প্রসঙ্গত, উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় আইএসকে হটাতে ২০০০ মার্কিন সেনা সক্রিয়। তারা এখনও আইএসের সঙ্গে লড়াইয়ে স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে।
সিরিয়ায় এখন ঠিক কত আইএস জঙ্গি রয়েছে, তার সংখ্যা স্পষ্ট নয়।
এর কয়েক দিন আগেই আইএস দমনে আন্তর্জাতিক জোটে ট্রাম্পের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক বলেছিলেন, কেউ বলছে না আইএস উধাও হয়ে যাবে। কেউ অত বোকা নয়। তাই আমরা মাটি আঁকড়ে থাকতে চাই যাতে সিরিয়ার এই সব অংশে স্থিতিশীলতা বজায় থাকে।
তার পরই হঠাৎ ট্রাম্পের এই সিদ্ধান্ত। তবে এ বছরের গোড়াতেই মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছিলেন, সিরিয়া থেকে দ্রুত সরে যাবে সেনা।
তবে ইরাকে মার্কিন সেনা বহাল থাকায় সেখান থেকেই প্রয়োজনে সিরিয়ায় হামলা চালানো সম্ভব। বস্তুত গত কয়েক সপ্তাহে মার্কিন জোট বাহিনী প্রতিবেশী ইরাক থেকেই সিরিয়ায় আকাশপথে হামলা চালিয়েছে।
তবে ট্রাম্পের এই ঘোষণায় মার্কিন মিত্ররা অনেকটাই হতাশ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ বেশ কিছু দেশ সিরিয়ায় মার্কিন নেতৃত্বে পরিচালিত আইএসবিরোধী অভিযানে অংশ নিচ্ছে।
