এবার ৮৫০ ভারতীয় বন্দিকে মুক্তি ঘোষণা সৌদি যুবরাজের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
সৌদি আরবের বিভিন্ন কারাগারে আটক ৮৫০ ভারতীয় নাগরিককে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এছাড়া দেশটি থেকে প্রতিবছর সৌদি আরবে হজে যাওয়ার কোটা ২ লাখে বৃদ্ধি করার ঘোষণাও দিয়েছেন তিনি।
বুধবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার দু’দিনের ভারত সফর করেন তিনি। এ সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রোটোকল ভেঙে নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে স্বাগত জানান।
এ সফরে ভারতের সঙ্গে সৌদি আরবের বিনিয়োগ চুক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, নয়া দিল্লিতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের সময় এসব বন্দিকে মুক্তি দেয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক টুইটে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছন, প্রধানমন্ত্রী মোদির অনুরোধের পর সৌদি যুবরাজ জেলবন্দি ৮৫০ ভারতীয়কে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়া আরেক টুইটে ভারত থেকে প্রতিবছর সৌদি আরবে হজে যাওয়ার কোটা ২ লাখে বৃদ্ধি করার ঘোষণাও জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় নাগরিক বন্দি হয়ে আছে সৌদি আরবের কারাগারগুলোতে।
সৌদি আরবের জেলগুলোতে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত ভারতীয় বন্দির সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২২৪ জনে। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, ঘুষ, মাদক ও অ্যালকোহল সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আছে।
সৌদি আরবে বাস করা বিদেশি নাগরিকদের বেশির ভাগই ভারতীয়। এ সংখ্যা আনুমানিক ২৭ লাখ। এদের অনেকেই সেখানে নির্মাণ খাত বা গৃহস্থালী কাজের মতো ছোটখাটো কাজ করেন।
এর আগে সোমবার পাকিস্তান সফরের সময় প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে যুবরাজ বিন সালমান ২১০০ পাকিস্তানি বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দেন। দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তিও করেন তিনি। তবে পাকিস্তান সফর শেষে ভারতে গিয়ে আরো বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ।
ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন তিনি। সেইসঙ্গে আগামী দু’বছরে বিভিন্ন ক্ষেত্রে এ বিনিয়োগের পরিমাণ আরো বাড়বে বলে তিনি জানান।
