রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

সান্তা ক্লজ সেজে শিশুদের আনন্দ দিলেন ওবামা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ওয়াশিংটনে অসুস্থ শিশুদের সামনে চমক নিয়ে হাজির হন। তিনি ফাদার ক্রিসমাস সেজে বস্তাভর্তি উপহার নিয়ে শিশুদের আনন্দ দিতে শিশু হাসপাতালে যান।

বার্তা সংস্থা এএফপি বলেছে, সান্তা টুপি পড়ে দুই হাত ভর্তি উপহার নিয়ে ওবামা চিল্ড্রেন’স ন্যাশনাল হাসপাতালে যান। শিশুরা তাকে এই রূপে দেখে উৎফুল্ল হয়ে ওঠে। তিনি তাদের উপহার দেন ও জড়িয়ে ধরেন।

এ সময় ওবামা হাসপাতালের স্টাফদের বলেন, ‘আমি শুধু আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।’

 

তিনি আরো বলেন, ‘আমরা এই চমৎকার শিশু ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবার ও কথা বলার সুযোগ পেয়েছি।’

যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ওয়াশিংটনে বাস করেন। গত বছর তিনি সান্তা সেজে একটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাবে স্কুলের শিক্ষার্থীদের আনন্দ দান করেন।

ফরাসি বার্তা সংস্থাটি বলেছে, বুধবারের ওই ঘটনার একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ওবামা।

 

তিনি আরও লিখেছেন, চমৎকার কিছু বাচ্চা আর তাদের পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। দুই মেয়ের বাবা হিসেবে আমি উপলব্ধি করতে পারছি, সেখানকার নার্স, কর্মী, চিকিৎসক ও অন্য মানুষরা তাদের কতটা যত্ন নিচ্ছে। এটাই সেখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।