বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

হুমকির সঙ্গে আলোচনাও চাইলেন ইমরান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় তার দেশের কিছু করার নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

 

তিনি উত্তেজনা প্রশমনে ভারতের প্রতি আলোচনার আহ্বান জানান। একইসঙ্গে কাশ্মীরে হামলা ইস্যুতে আক্রমণ হলে তার উত্তম জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় পুলিশ কনভয়ে আত্মঘাতী হামলায় ৪০ জন নিহত হন। পরে এই হামলার দায় স্বীকার করে জইশ-এ মোহাম্মদ। এ হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করছে।

এতদিন এ নিয়ে কোনো মন্তব্য না করলেও মঙ্গলবার ইমরান খান জাতির উদ্দেশে দেয়া ভাষণে হামলার দায় অস্বীকার করেন।

তিনি বলেন, ‘কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভারত আমাদের দোষারোপ করছে।’

তিনি জানান, কাশ্মীরের হামলা তদন্তে তার সরকার দিল্লিকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

ইমরান খান বলেন, ‘ভারত প্রমাণ ছাড়াই অভিযোগ তুলছে। পাকিস্তান কেন হামলা করতে যাবে। পাকিস্তান স্থিরতা চায়। যখন ধীরে ধীরে সেই স্থিতাবস্থা আসছে, তখন ভারত এই অভিযোগ তুলে সেটা নষ্ট করতে চাইছে। আমরা যেখানে শান্তি চাই, সেখানে এই হামলা করে পাকিস্তানের কী লাভ হবে।’

তিনি আরও বলেন, ‘প্রমাণ থাকলে আমাকে দিন, কথা দিচ্ছি, পরের দিনই ব্যবস্থা নেয়া হবে।’

ইমরান খানের এই বক্তব্যের পর ভারত কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে বলা হয়েছে, পুলওয়ামা হামলার পেছনে যে জইশ-এ মোহম্মদ রয়েছে, সেটা স্পষ্ট। আর এই জইশ-এ মোহাম্মদ পাকিস্তানের মদদপুষ্ট, ইমরান সে কথা অস্বীকার করবেন কী করে?